মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মার্কিন প্রতিরক্ষা সচিব

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনলেন মার্কিন আইনপ্রণেতা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১০, ২০২৬, ১১:৩০ এএম

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনলেন মার্কিন আইনপ্রণেতা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে অভিশংসন করার একটি প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য থমাস ম্যাসি। মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরুর দিনই এই অভিশংসন প্রস্তাব জমা দেন বিদায়ী এই রিপাবলিকান আইনপ্রণেতা।

অবৈধ আদেশ পালন এবং সংবিধানের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ এনেছেন থমাস ম্যাসি। সোমবার আইনসভার কক্ষে দাঁড়িয়ে তিনি এই প্রস্তাবের মূল পাঠ পড়ে শোনান।

এর আগে গত সেপ্টেম্বর মাসে আটটি অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছিলেন কেন্টাকির এই আইনপ্রণেতা, যা এবার তিনি আবারও সামনে আনলেন। এর আগে রিপাবলিকান স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ায় ওই সময় কোনো ভোটাভুটি এড়ানো সম্ভব হয়েছিল।

সোমবার এক সংবাদ সম্মেলনে থমাস ম্যাসি জানান, পিট হেগসেথকে যারা সরাতে চান, এমন যেকোনো আইনপ্রণেতার ভোট তিনি স্বাগত জানাবেন। তিনি বলেন, অনেকে কেবল হেগসেথকে বিদায় দেখতে চান বলেই এই প্রস্তাবে ভোট দেবেন।

থমাস ম্যাসি বলেন, আমি বুঝতে পারছি যে তাদের কেউ কেউ কেবল হেগসেথকে ক্ষমতাচ্যুত দেখতে চান বলেই এতে ভোট দিতে চান। আমি তাদের ভোটকে স্বাগত জানাই।

আগামী জানুয়ারি মাসে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানান থমাস ম্যাসি। তিনি পূর্বাভাস দেন যে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন আসন্ন তদন্তে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হবে।

এদিকে নিজের অবস্থানে অনড় থেকে পিট হেগসেথ জানিয়েছেন, কংগ্রেসে নিজের কাজের পক্ষে সাফাই গাওয়ার সুযোগকে তিনি স্বাগত জানান। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, তার সমালোচকদের মূল সমস্যাটি আসলে নীতির বিরোধিতার চেয়ে বরং তার সফলতা নিয়ে।

পিট হেগসেথ বলেন, এখানে অনেক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মানুষ আছেন যাদের সঙ্গে নীতিগত বিষয়ে গভীর অমিল থাকতে পারে, তবে তাদের মূল বিরোধিতাপূর্ণ জায়গাটি হলো সফলতা। ট্রাম্প প্রশাসন যেসব সামরিক পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে যদি তারা বিচার করতে চান, তবে সারাদিন তা করতে আমি প্রস্তুত আছি।

উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে সংবিধান লঙ্ঘন করেছেন পিট হেগসেথ। এছাড়া গত ফেব্রুয়ারি মাসে ইরানের মিনাবের একটি স্কুলে মার্কিন বোমা হামলায় প্রায় ১২০ জন শিশুসহ দেড় শতাধিক মানুষের প্রাণহানির প্রসঙ্গও উল্লেখ করেছেন থমাস ম্যাসি।

অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদকবাহী সন্দেহে নৌযানে হামলা, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ এবং ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এই প্রস্তাবকে একটি রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়েছেন।

banner
Link copied!