ভারতের হায়দরাবাদে বিরোধী দল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি গণতন্ত্র সম্মেলনে অংশ নিতে যাওয়া একশর বেশি আন্তর্জাতিক বক্তাকে দেশটিতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার শুরু হওয়া এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের।
কংগ্রেসের সংসদ সদস্য এবং জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শশী থারুর জানিয়েছেন, কর্তৃপক্ষ ১১৫ জনের ভিসা বাতিল করেছে কিংবা তাঁদের প্রবেশাধিকার দেয়নি। অথচ এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্মেলনের জন্য ৩১৫ জন বক্তাকে ছাড়পত্র দিয়েছিল।
শশী থারুর জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এই বিদেশিদের ভিসা বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ঠিক কোন আইনের বলে সরকার এমন কঠোর পদক্ষেপ নিল, তা সম্পূর্ণ অস্পষ্ট।
তিনি আরও বলেন, একটি গর্বিত গণতন্ত্র আজ এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে তাদের সমালোচনার ভয়ে যেকোনো কণ্ঠস্বর চেপে ধরতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।
যাঁদের ভিসা বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে একজন নরওয়েজিয়ান সাংবাদিকও রয়েছেন, যিনি অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রেখেছিলেন। সাংবাদিক হেলি লিং গত বুধবার জানান, ভারতে তাঁর নির্ধারিত সফরের ঠিক আগমুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হয়।
ওই সম্মেলনে গণমাধ্যম ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সেমিনারে বক্তব্য দেওয়ার কথা ছিল তাঁর। এর আগে গত মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে মোদির এক সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে আলোচনায় এসেছিলেন তিনি।
ভিসা বাতিলের এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ভিসা ইস্যু করা বা না করা যেকোনো দেশের সরকারের সার্বভৌম ক্ষমতার আওতাধীন বিষয়।
এদিকে বক্তাদের ভিসা বাতিলের তীব্র নিন্দা জানিয়েছে দ্য এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। সাংবাদিকদের এই সংগঠনটি সরকারের এই পদক্ষেপকে আমলাতান্ত্রিক অতিউৎসাহ হিসেবে অভিহিত করেছে।
একই সঙ্গে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রকাশ করতে এবং সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
হায়দরাবাদে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনে ৭০টিরও বেশি দেশ থেকে প্রায় ১ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা করতেই এই আয়োজন করা হয়েছে।
