রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে নতুন দফার বৈঠক করেছে ইউক্রেন। এর কয়েক ঘণ্টা পর কিয়েভের মেয়র রাজধানীর দুটি সেতুতে হামলার খবর জানান।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার এবং ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত সোমবারের আলোচনা সহজ ছিল না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যখন শান্তি আলোচনা জোরদার করছে, তখন ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর জোট উইলিং কোয়ালিশনের সঙ্গে বার্লিনে বৈঠকে বসতে সম্মত হয়েছেন অংশগ্রহণকারীরা।
কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয়ভাবে এগিয়ে চলেছে এবং এই প্রচেষ্টা বৃথা যাবে না বলেই আশা প্রকাশ করেন জেলেনস্কি। তিনি আরও সতর্ক করে বলেন, গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে যে সোমবার রাত ও মঙ্গলবারজুড়ে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। পরে সোমবার কিয়েভের মেয়র ভিটালি ক্লিটকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নিপ্রো নদীর ওপরের উত্তর ও দক্ষিণ সেতুতে আঘাত হেনেছে হামলাকারীরা। এ সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা।
ইউক্রেন সোমবার একটি গুরুত্বপূর্ণ সেতুতে আঘাত হানে এবং রুশ তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর এটিই রাশিয়ার ওপর সবচেয়ে বড় রাতের ড্রোন হামলা। টেলিগ্রামের বিবরণ অনুযায়ী, রাতে ক্রিমিয়া সেতুতে ফের আঘাত হানা হয় এবং মস্কোর কাছাকাছি প্রায় দুই শ ড্রোন প্রতিহত করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার বলেন, রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের সঙ্গে সমন্বয় করে একটি চুক্তির দিকে অগ্রগতি অর্জন করছে ওয়াশিংটন।
সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো রয়ে গেছে এবং একটি চূড়ান্ত চুক্তির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন কুশনার। তিনি জানান, পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে তিনি ও উইটকফ ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গেও কথা বলেছেন। ইউরোপ ও রাশিয়া যাতে একে অপরের উদ্বেগ ও প্রস্তাব সরাসরি শুনতে পারে, সে জন্য তাদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
গত সপ্তাহে আবুধাবির আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়, যেখানে গত ৯ মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা একত্রে মিলিত হন। ওই আলোচনায় বন্দি বিনিময়ে সমঝোতা হলেও যুদ্ধ অবসানে কোনো অগ্রগতি হয়নি। উইটকফ ও কুশনার পরবর্তীতে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জানান যে পরবর্তী রাউন্ডে ইউরোপীয় প্রতিনিধিরা যোগ দেবেন। তবে সোমবার মস্কো সেই দাবি অস্বীকার করে।
জেলেনস্কি জানান, সোমবারের আলোচনায় ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইতালি ও পোল্যান্ডের প্রতিনিধিরা পূর্ণাঙ্গভাবে অংশ নিয়েছেন এবং রুশ মধ্যস্থতাকারীদের সঙ্গে ভবিষ্যতের বৈঠকগুলোতেও তাদের একই ধরনের প্রতিনিধিত্ব থাকবে। তবে উশাকভ জানান, বিদ্যমান রুশ, ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদলের বাইরে আলোচনা প্রসারিত করতে সম্মত হয়নি রাশিয়া। পরবর্তী রাউন্ডের জন্য কোনো তারিখও ঠিক হয়নি বলে জানান তিনি।
মস্কোর ওপর চাপ অব্যাহত রেখে ইউরোপীয় সরকারগুলো তাদের আলোচনার দল প্রস্তুত করছে। আবুধাবি ও ডাবলিনের কূটনৈতিক বৈঠকের পর নতুন দফা আলোচনা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বের চুক্তিকে স্বাগত জানান আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি। তবে তিনি বলেন, রাশিয়া স্পষ্টতই তাদের অবস্থান পরিবর্তন করেনি।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সোমবারের বৈঠকের আগে দেওয়া বক্তব্যে ম্যাকএন্টি বলেন, রাশিয়ার ওপর নতুন একশো তেরোটি নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য হলো মস্কোকে চাপে রাখা, বিশেষ করে যখন শীতকালে বেসামরিক নাগরিক ও মূল অবকাঠামোগুলোয় হামলা জোরদার করেছে তারা। একই সঙ্গে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশটির প্রয়োজনীয় অর্থায়ন ও সামরিক সহায়তা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছি আমরা, যোগ করেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া কোনো সাময়িক যুদ্ধবিরতি চায় না, বরং এমন একটি স্থায়ী শান্তি চায় যা ইউক্রেনকে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ না দেয়। মস্কো এমন শান্তি চায় যা বছর বা শতবর্ষ ধরে টিকে থাকবে উল্লেখ করে তিনি বলেন, আলোচনা বেশ জটিল এবং এর জন্য বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে।
আলাদাভাবে ট্রাম্প জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে চীন সফরকালে যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। পুতিন যুদ্ধ শেষ করতে চান বলেই তার বিশ্বাস।
তিনি কিছুটা নমনীয় হচ্ছেন বলেই আমার ধারণা, সাংবাদিকদের এমন কথা বলে ট্রাম্প জানান, পুতিন এই সংঘাতের অবসান দেখতে চান। নির্ধারিত বার্লিন বৈঠকটি ইউক্রেন ও তার সমর্থকদের পরবর্তী আলোচনার পদক্ষেপগুলো নিয়ে একমত হতে সাহায্য করবে, যদিও রাশিয়া পরবর্তী বৈঠকে তাদের প্রস্তাবিত প্রতিনিধিত্ব এখনো গ্রহণ করেনি।
