শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন শান্তি আলোচনা

অঞ্চল ছাড়ার বিনিময়ে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিবেচনা যুক্তরাষ্ট্রের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২০, ২০২৬, ০৩:৩০ পিএম

অঞ্চল ছাড়ার বিনিময়ে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিবেচনা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের চলমান সংঘাত বন্ধে নতুন কিছু বন্দোবস্তের পথ খুঁজছে ওয়াশিংটন। নিরাপত্তা নিশ্চয়তা ও সামরিক জোটে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষদূত স্টিভ উইটকফ, তাঁর জামাতা জ্যারেড কুশনার এবং ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত একান্তে বৈঠকে এসব আলোচনা হয়।

গত সপ্তাহে ডাবলিনের একটি সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সম্ভাবনার কথা তোলেন কুশনার। সংযুক্ত আরব আমিরাতে আলাদা আলোচনার সময়ও বিষয়টি সামনে আসে।

যুদ্ধ থামানোর দুটি প্রধান উপায় মূল্যায়ন করেছেন মধ্যস্থতাকারীরা। প্রথম প্রস্তাব অনুযায়ী, দোনবাস অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো ছেড়ে দিতে হবে এবং এর বিনিময়ে পূর্ণাঙ্গ ন্যাটোর সদস্যপদ পাবে কিয়েভ।

দ্বিতীয় বিকল্পটিতে বর্তমান যুদ্ধরেখা বরাবর সংঘাত স্থগিত করার কথা বলা হয়েছে, যার ফলে দোনবাসের একটি অংশ কিয়েভের নিয়ন্ত্রণে থেকে যাবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চয়তা পাবে ইউক্রেন।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন যে মধ্যস্থতাকারীরা একাধিক প্রস্তাব নিয়ে ভাবছেন এবং যেকোনো চূড়ান্ত চুক্তির জন্য মস্কো ও কিয়েভ উভয়ের সম্মতি প্রয়োজন হবে।

এই আলোচনা ওয়াশিংটনের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিতে পারে। এর আগে রুশ বিরোধিতার কথা উল্লেখ করে এবং মস্কোর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সামরিক জোটে ইউক্রেনের যোগদানের বিরোধিতায় এখনো অনড় রয়েছে রাশিয়া। গত সপ্তাহে আবুধাবির বৈঠকে রুশ প্রতিনিধিরা কিয়েভের সংবিধান থেকে ন্যাটোর উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি বাদ দিয়ে আনুষ্ঠানিকভাবে তা পরিহার করার দাবি জানিয়েছেন।

পাশাপাশি ইউক্রেনে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন থেকে ন্যাটোকে বিরত রাখার আহ্বান জানিয়েছে মস্কো। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধ এবং পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক অবকাঠামো ১৯৯৭ সালের অবস্থানে ফিরিয়ে নেওয়ার দাবিও তুলেছে রুশ মধ্যস্থতাকারীরা।

তবে ইউরোপীয় মধ্যস্থতাকারীরা রাশিয়ার এসব দাবিকে চূড়ান্ত নিষ্পত্তির বাস্তবসম্মত ভিত্তি না ভেবে বরং অতি উচ্চাভিলাষী প্রারম্ভিক অবস্থান হিসেবে উড়িয়ে দিয়েছেন।

banner
Link copied!