বিশ্বকাপ ফুটবলের ডামাডোল শুরুর মাত্র তিন সপ্তাহ বাকি, এমন সময়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে। ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে বাঁ উরুর অস্বস্তি অনুভব করায় ম্যাচ চলাকালীনই মাঠ ছেড়েছেন মেসি।সোমবার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটে।
ম্যাচের ৭০তম মিনিটে ফ্রি-কিক নেওয়ার সময় হঠাৎ অস্বস্তি প্রকাশ করেন মেসি। এরপর তাকে স্বাভাবিক ছন্দে খেলতে দেখা যায়নি এবং ৭৩তম মিনিটে নিজেই বদলির ইশারা দিয়ে মাঠ ছাড়েন। ডাগআউটে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যাওয়ায় সমর্থকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তবে ইন্টার মিয়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশো জানিয়েছেন, এটি গুরুতর চোটের পরিবর্তে ক্লান্তিজনিত সমস্যা হতে পারে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসি ১৪ ম্যাচে ১২ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এখন সবার দৃষ্টি এখন মেসির মেডিকেল রিপোর্টের দিকে, কারণ তার ফিটনেস আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
