ফ্রেঞ্চ ওপেনের রোল্যান্ড গ্যারোস কোর্টকে বিদায় জানালেন ফরাসি টেনিস তারকা গায়েল মঁফিস। সোমবার প্রতিযোগিতার প্রথম রাউন্ডে স্বদেশি হুগো গাস্তনের কাছে ৬-২, ৬-৩, ৩-৬, ২-৬, ৬-০ সেটে হেরে বিদায় নিলেও, টেনিস ক্যারিয়ার এখনই শেষ করছেন না তিনি। বরং ক্রিশ্চিয়ানো রোনালদো ও লেব্রন জেমসের মতো ৪০ বছর বয়স পর্যন্ত খেলার সংকল্প করেছেন এই তারকা।নিজের ফিটনেস নিয়ে তিনি শতভাগ আত্মবিশ্বাসী।
আগামী সেপ্টেম্বরে ৪০ বছরে পা দেবেন মঁফিস। ক্যারিয়ারের দুই দশকের দীর্ঘ পথচলায় সোমবারের শেষ ম্যাচটিতে দর্শকদের দাঁড়িয়ে দেওয়া অভিবাদন তাকে আবেগাপ্লুত করেছে। মঁফিস জানালেন, স্ট্যান ওয়াভিঙ্কা, লেব্রন জেমস বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো দীর্ঘ সময় কোর্টে টিকে থাকা ক্রীড়াবিদদের আদর্শ মানছেন তিনি।আগামী মৌসুমে অবসরে যাওয়ার পরিকল্পনা থাকলেও, আপাতত খেলার মধ্যেই থাকতে চান তিনি।
মঁফিস এখন তার শরীরের যত্ন নেওয়া এবং কঠোর প্রশিক্ষণে মনোযোগ দিচ্ছেন। উইম্বলডন, মন্ট্রিল মাস্টার্স এবং ইউএস ওপেন খেলার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। ইউএস ওপেনের জন্য আয়োজকদের কাছে ওয়াইল্ড কার্ডের আবেদন করার পরিকল্পনা রয়েছে তার। ক্যারিয়ারের এই শেষ সময়ে এশিয়ার টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা থাকলেও, বছরের শেষে প্যারিস মাস্টার্স দিয়েই বিদায় নিতে চান তিনি।লক্ষ্য এখন প্যারিস মাস্টার্স।
২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে খেলা মঁফিস ফ্রান্সের ডেভিস কাপ দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এটিপি শিরোপা জয়ের তালিকায় ১৩টি ট্রফি রয়েছে তার। ক্লে কোর্টে বরাবরই পারদর্শী এই ফরাসি তারকা মনে করেন, বর্তমান সময়ে এই সারফেসে খেলা আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। তবুও নিজের সর্বোচ্চটুকু দিয়ে মৌসুম শেষ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
