রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বার্সেলোনার হয়ে সিজন শেষ লামিনে ইয়ামালের, লক্ষ্য এখন ২০২৬ বিশ্বকাপ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ২৪, ২০২৬, ১২:৫৭ এএম

বার্সেলোনার হয়ে সিজন শেষ লামিনে ইয়ামালের, লক্ষ্য এখন ২০২৬ বিশ্বকাপ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়েছেন। গত বুধবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। বার্সেলোনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, এই ইনজুরির কারণে ইয়ামাল চলতি ২০২৬ সিজনের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারবেন না। তবে স্বস্তির খবর হলো, আগামী জুন মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ম্যাচটির ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ইয়ামাল। কিন্তু গোল উদযাপনের সুযোগ পাননি তিনি; পেনাল্টি শট নেওয়ার পরপরই তিনি বেঞ্চের দিকে ইশারা করেন এবং যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন। মেডিকেল স্টাফদের সহায়তায় তাকে মাঠ ছাড়তে দেখা যায় এবং তিনি সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান। ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইয়ামাল বর্তমানে একটি ‍‍`কনজারভেটিভ ট্রিটমেন্ট প্ল্যান‍‍` বা রক্ষণশীল চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যাবেন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইয়ামাল লিখেছেন, যখন দলের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে—এটা ব্যাখ্যারাতীত কষ্টের। তবে এটি শেষ নয়, এটি কেবল একটি বিরতি। তিনি আরও জানান যে, মাঠের বাইরে থেকে তিনি সতীর্থদের উৎসাহিত করবেন এবং পরের সিজনে আরও শক্তিশালী হয়ে ফিরবেন।

বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে। আগামী ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোসহ সিজনের বাকি গুরুত্বপূর্ণ ছয়টি ম্যাচে ইয়ামালকে ছাড়াই লড়তে হবে হানসি ফ্লিকের দলকে। অন্যদিকে, স্পেন জাতীয় দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে। গ্রুপ ‍‍`এইচ‍‍`-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো সৌদি আরব ও উরুগুয়ে। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে ইয়ামালের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস এখন স্পেনের কোচ ও সমর্থকদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

banner
Link copied!