শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গাজা যুদ্ধের প্রভাব

আয়ারল্যান্ড বনাম ইসরায়েল ম্যাচ হচ্ছে ফুটবলারদের ভোটে

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:০৫ পিএম

আয়ারল্যান্ড বনাম ইসরায়েল ম্যাচ হচ্ছে ফুটবলারদের ভোটে

উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে রবিবারের নির্ধারিত ম্যাচটিতে অংশ নেবে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দল। দলের খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত এক অভ্যন্তরীণ ভোটাভুটিতে ম্যাচটি বর্জন না করার পক্ষে মত আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কুরেল বিষয়টি নিশ্চিত করেন।

ম্যাচ বর্জন এড়াতে শেষ মুহূর্তে খেলোয়াড়দের মতামতকে প্রাধান্য দেওয়া হয়।

এর আগে শনিবার সকালে দলের ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলন এবং আনুষ্ঠানিক অনুশীলন দীর্ঘ সময় পিছিয়ে দেওয়া হয়। দলের একজন সদস্য ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার বিষয়ে গভীর আপত্তি জানিয়ে দল থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত প্রধান কোচকে অবহিত করার পর সংকট গভীর রূপ নেয়। উদ্ভূত পরিস্থিতিতে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল কর্তাদের মধ্যে দফায় দফায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। হাঙ্গেরির মাঠে সকাল সোয়া ১০টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টার বেশি সময় ধরে আইরিশ দলের সদস্যরা স্থানীয় হোটেলেই অবস্থান করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেভিড কুরেল জানান, দলের এক খেলোয়াড় ম্যাচটি নিয়ে নিজের অস্বস্তির কথা জানানোর পর জরুরি ভিত্তিতে পুরো দলের মধ্যে একটি ভোট গ্রহণ করা হয়। প্রায় দেড় ঘণ্টার সেই আলোচনা ও ভোটে দলের উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ সদস্য ম্যাচটি খেলার পক্ষে নিজেদের অবস্থান জানান। কুরেল উল্লেখ করেন, খেলোয়াড়দের সেই স্পষ্ট রায়ের ওপর ভিত্তি করেই ফেডারেশন ম্যাচটিতে অংশ নেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কসোভোর কাছে এক-শূন্য গোলে পরাজিত হওয়ার পর আয়ারল্যান্ডের অধিনায়ক দারা ও‍‍`শি জানিয়েছিলেন যে ইসরায়েল ম্যাচের করণীয় নির্ধারণে খেলোয়াড়েরা সম্মিলিত আলোচনায় বসবেন।

মাঠের এই খেলার পেছনে যুক্ত রয়েছে গভীর ভূরাজনৈতিক উত্তেজনা।

গত নভেম্বরে আইরিশ ফুটবলের সাধারণ সদস্যরা ইউরোপীয় ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কার করার আহ্বান জানিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানানোর পক্ষে ভোট দিয়েছিলেন। তবে গত জুলাইয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় খেলা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। চলমান সংঘাতের কারণে ইসরায়েল তাদের সব ম্যাচ হাঙ্গেরির ডেব্রেসেনে আয়োজন করছে, অন্যদিকে আগামী চার অক্টোবর ডাবলিনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিরতি ম্যাচটি সার্বিয়ায় সরিয়ে নিয়েছে আয়ারল্যান্ড, যা কোনো দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে।

আইরিশ কোচ হেইমির হালগ্রিমসন গত সপ্তাহে সংবাদ সম্মেলনে গাজার পরিস্থিতি বোঝাতে গিয়ে স্পষ্টভাষায় গণহত্যা শব্দটি ব্যবহার করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। জাতিসংঘ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো ফিলিস্তিনে দখলদার বাহিনীর ধারাবাহিক আগ্রাসনকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে, যদিও তেল আবিব শুরু থেকেই এই বাস্তবতা অস্বীকার করে আসছে।

banner
Link copied!