বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে আন্তর্জাতিক বড় বড় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেলো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং। ‘দাই দাই’ শিরোনামের এই ল্যাটিন ও আফ্রো-বিট ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সেনসেশন বুর্না বয়। গতকাল শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন গানটি বিশ্বব্যাপী উন্মোচন করার বিষয়টি নিশ্চিত করেছে।
এক সপ্তাহ আগে প্রকাশিত ১ মিনিট ৭ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত টিজারে এই গানের প্রথম ঝলক দেখানো হয়েছিল।
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত সেই চমৎকার টিজারটি তখনই ভক্তদের মাঝে তুমুল সাড়া জাগায়। এবার ৩ মিনিট ৪৫ সেকেন্ডের পূর্ণাঙ্গ গানটি রিলিজের পর ফুটবল বিশ্ব এক নতুন উন্মাদনায় মেতে উঠেছে। ফিফা জানিয়েছে, এই থিম সং থেকে অর্জিত সমস্ত রয়্যালটি সরাসরি তাদের বিশেষ দাতব্য তহবিল ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ জমা করা হবে। এই বৈশ্বিক প্রকল্প থেকে আগামীতে টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফিফা, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলের প্রাথমিক সুযোগ তৈরি করতে ব্যয় করা হবে।
ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসের সাথে কলম্বিয়ান পপ কুইন শাকিরার নাম ও কণ্ঠ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের ব্রাজিল আসরের ‘লা লা লা’ গান দিয়ে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত-সমর্থককে মাতিয়ে দিয়েছিলেন। মাঝে টানা দুটি আসরে কোনো অফিশিয়াল ট্র্যাকে তার উপস্থিতি ছিল না। দুই আসরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বৈশ্বিক ফুটবলের মূল অফিশিয়াল গানে তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে সমর্থকেরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
আগামী জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ১১ জুন উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এই ফুটবল যজ্ঞের চূড়ান্ত সমাপ্তি ঘটবে ১৯ জুলাই। ফিফা আরও প্রকাশ করেছে যে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য মেগা ফাইনাল ম্যাচের হাফ টাইমে ফুটবলপ্রেমীদের আনন্দ দ্বিগুণ করতে শাকিরার সাথে একই মঞ্চে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ান বিশ্বখ্যাত বয়ব্যান্ড বিটিএস। তবে ফাইনালের সেই জমকালো মঞ্চের আগ পর্যন্ত মাঠ ও গ্যালারির দর্শকদের হৃদয়ে সুরের ঢেউ তুলবে এই নতুন থিম সং।
