রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

স্মার্টফোনের চার্জার টেকসই করার সহজ উপায়: বিশেষজ্ঞরা যা বলছেন

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ২৪, ২০২৬, ০১:২৪ এএম

স্মার্টফোনের চার্জার টেকসই করার সহজ উপায়: বিশেষজ্ঞরা যা বলছেন

আমাদের দৈনন্দিন জীবনে চার্জিং ক্যাবল বা চার্জার হলো সবচেয়ে অবহেলিত প্রযুক্তি। যতক্ষণ এটি কাজ করে, ততক্ষণ আমরা এর গুরুত্ব বুঝি না। কিন্তু ফোন যখন বন্ধ হওয়ার পথে আর হাতের চার্জারটি কাজ করছে না, তখনই বিপত্তি বাঁধে। গবেষণায় দেখা গেছে, চার্জিং ক্যাবল নষ্ট হওয়ার পেছনে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজেদের কিছু অসতর্ক বদভ্যাস দায়ী। মেরিল্যান্ড ইউনিভার্সিটির ‍‍`সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিং‍‍`-এর প্রতিষ্ঠাতা মাইকেল পেচট দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক যন্ত্রপাতির আয়ু নিয়ে গবেষণা করছেন। তাঁর মতে, আমরা ক্যাবলগুলোকে অজান্তেই ‍‍`নির্যাতন‍‍` করি, যার ফলে এগুলো অকালে অকেজো হয়ে যায়।

অনেকেরই ধারণা, চার্জিং ক্যাবল গোল করে বা পেঁচিয়ে রাখলে ভেতরের তার ভেঙে যায়। কিন্তু পেচটের দল এক্স-রে এবং বিভিন্ন যান্ত্রিক পরীক্ষার মাধ্যমে দেখেছেন যে, ক্যাবল পেঁচিয়ে রাখা খুব একটা বড় সমস্যা নয়। আসলে ক্যাবলগুলো নষ্ট হয় মূলত যেখানে তারটি প্লাগের সাথে যুক্ত হয়, সেই সংযোগস্থলে। আইফিক্সিট (iFixit)-এর সহ-প্রতিষ্ঠাতা কাইল উইনস বলেন, "বিশ্বে দুই ধরণের মানুষ আছে—যারা ক্যাবল ধ্বংস করে এবং যারা করে না।" ক্যাবলগুলো আসলে প্লাগের কাছের জয়েন্টে অতিরিক্ত চাপের কারণে ছিঁড়ে যায়।

বিজ্ঞানীদের মতে, ক্যাবলের ভেতরে থাকা সূক্ষ্ম ধাতব তারগুলোকে বারবার একই কোণে বাঁকালে সেখানে ‍‍`ডিসলোকেশন‍‍` বা পারমাণবিক ত্রুটি তৈরি হয়। এটি ঠিক একটি পেপার ক্লিপের মতো; আপনি যদি পেপার ক্লিপের এক জায়গায় বারবার বাঁকান, তবে সেটি এক সময় শক্ত হয়ে ভেঙে যায়। ক্যাবলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বিশেষ করে যখন আমরা বিছানায় শুয়ে ফোন চার্জে দিয়ে ব্যবহার করি, তখন ক্যাবলটি ফোনের সাথে একটি তিব্র কোণে (Sharp Angle) বেঁকে থাকে। এই টান বা চাপই তারের আয়ু কমিয়ে দেয়।

ক্যাবল দ্রুত নষ্ট হওয়ার আরও কিছু সাধারণ কারণ হলো—প্লাগ না ধরে সরাসরি তার ধরে টেনে খোলা, ছোট ক্যাবলকে জোর করে লম্বা করে সকেটে লাগানো এবং গাড়িতে ফোন চার্জে দিয়ে কাপ হোল্ডারে এমনভাবে রাখা যাতে ফোনের পুরো ওজন ক্যাবলের ওপর পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এসব আচরণ ক্যাবলের ভেতরের পারমাণবিক বন্ধন ভেঙে দেয়।

দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে বিশেষজ্ঞরা ‍‍`ব্রেইডেড‍‍` (Braided) বা কাপড় ও নাইলনের বুনন করা ক্যাবল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। সাধারণ প্লাস্টিক ক্যাবলের চেয়ে এগুলো অনেক বেশি শক্তিশালী এবং টেকসই হয়। এমনকি অ্যাপলের মতো বড় কোম্পানিগুলোও এখন ব্রেইডেড ক্যাবল তৈরি করছে। পরিশেষে, চার্জিং ক্যাবল সস্তা মনে হলেও বারবার এটি পরিবর্তন করা আপনার পকেট এবং পরিবেশ দুটোর জন্যই ক্ষতিকর। তাই প্লাগ ধরার সময় সাবধানতা অবলম্বন করা এবং তারের ওপর বাড়তি চাপ না দেওয়াই হলো আপনার প্রিয় ডিভাইসটিকে সচল রাখার সবচেয়ে কার্যকর উপায়।

banner
Link copied!