প্রযুক্তি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই ব্যক্তিত্ব ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান এখন আদালতের মুখোমুখি। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি স্যাম অল্টম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যে, অল্টম্যান মানবতার উপকারের জন্য তৈরি করা একটি অলাভজনক প্রতিষ্ঠানকে ব্যক্তিগত লাভের ব্যবসায় রূপান্তরিত করেছেন। রয়টার্স ও এপি নিউজের তথ্য অনুযায়ী, এই বিচার কেবল একটি আইনি লড়াই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভবিষ্যতের ওপর কে নিয়ন্ত্রণ রাখবে তার একটি মহড়া।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মাস্ক দাবি করেন যে, ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় একটি স্পষ্ট প্রতিশ্রুতি ছিল যে এটি অলাভজনক থাকবে। মাস্ক জানান, তিনি এই আশ্বাসের ভিত্তিতেই ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে প্রতিষ্ঠানে প্রায় ৩৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন।
বুধবার জুরিবোর্ডের সামনে তিনি নিজেকে একজন ‘বোকা’ বলে অভিহিত করেন কারণ তিনি স্যাম অল্টম্যানের কথায় বিশ্বাস করেছিলেন। মাস্কের অভিযোগ, ২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি জনপ্রিয় হওয়ার পর তিনি বুঝতে পারেন যে অল্টম্যান মূলত এই চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠানটিকে ‘চুরি’ করার চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত সেটিই সত্য প্রমাণিত হয়েছে।
ওপেনএআই-এর আইনজীবীরা অবশ্য মাস্কের এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, ওপেনএআই কখনোই স্থায়ীভাবে অলাভজনক থাকার কোনো আইনগত চুক্তি করেনি। তারা আদালতের সামনে মাস্কের নিজের পাঠানো কিছু পুরনো ইমেইল উপস্থাপন করেন, যেখানে মাস্ক নিজেই লাভজনক কাঠামোর কথা আলোচনা করেছিলেন।
ওপেনএআই-এর আইনি দল যুক্তি দিচ্ছে যে, মাস্ক এই মামলাটি করেছেন মূলত তার নিজস্ব এআই স্টার্টআপ ‘এক্সএআই’-এর প্রতিদ্বন্দ্বিতা শক্তিশালী করতে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই এখন ১ ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের একটি পাবলিক অফারিং বা আইপিও আনার প্রস্তুতি নিচ্ছে, যা মাস্কের মামলার কারণে বাধাগ্রস্ত হতে পারে।
জেরার মুখে মাস্ক বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেন। ওপেনএআই-এর আইনজীবী উইলিয়াম স্যাভিট যখন তাকে প্রশ্ন করছিলেন, তখন মাস্ক বলেন যে প্রশ্নগুলো তাকে ফাঁদে ফেলার জন্য করা হচ্ছে। বিচারক ইভন গঞ্জালেজ রজার্স বেশ কয়েকবার মাস্ককে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ বলে উত্তর দেওয়ার নির্দেশ দেন। স্যাভিট একটি পুরনো ইমেইলের কথা উল্লেখ করেন যেখানে মাস্ক অলাভজনক মডেলকে ভুল পদক্ষেপ বলেছিলেন। এর উত্তরে মাস্ক বলেন, একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহায়ক হিসেবে লাভজনক অংশ তৈরি করা মানে এই নয় যে মূল প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। মাস্কের অভিযোগ, পুরো প্রতিষ্ঠানটি এখন ‘দখল’ করা হয়েছে।
এই মামলার আর্থিক অংকও আকাশছোঁয়া। মাস্ক আদালতকে অনুরোধ করেছেন যেন স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যানকে ওপেনএআই-এর বোর্ড থেকে অপসারণ করা হয়। পাশাপাশি তিনি ওপেনএআই এবং মাইক্রোসফটের কাছ থেকে প্রায় ১৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মাস্ক জানিয়েছেন, এই অর্থ তিনি নিজের পকেটে নেবেন না বরং এটি ওপেনএআই-এর মূল অলাভজনক শাখার কাছে ফিরিয়ে দেওয়া হবে। রয়টার্স জানিয়েছে, সফটব্যাংক ও মাইক্রোসফটের মতো বড় বিনিয়োগকারীরা এই মামলার দিকে তীক্ষ্ণ নজর রাখছে, কারণ ১ ট্রিলিয়ন ডলারের আইপিও ঝুলে গেলে সিলিকন ভ্যালিতে বড় ধরনের ধস নামতে পারে।
সিলিকন ভ্যালির বিশ্লেষকরা মনে করছেন, এই মামলার রায় যাই হোক না কেন, এটি এআই শিল্পের গতিপথ বদলে দেবে। ওপেনএআই বর্তমানে একটি পাবলিক বেনিফিট কর্পোরেশন হিসেবে পুনর্গঠিত হয়েছে, যা মাস্কের মতে আইনের লঙ্ঘন। অন্যদিকে অল্টম্যানের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এজিআই তৈরির জন্য যে বিপুল পরিমাণ কম্পিউটিং পাওয়ার প্রয়োজন, তার অর্থ যোগান দিতেই তাদের লাভজনক কাঠামোতে যেতে হয়েছে। জেরা চলাকালীন মাস্ক অল্টম্যানের একটি প্রস্তাবকে ‘ঘুষ’ বলে বর্ণনা করেন, যেখানে তাকে লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আগামী চার সপ্তাহ ধরে এই রোমাঞ্চকর বিচার প্রক্রিয়া চলবে বলে আশা করা হচ্ছে।
