অস্ট্রেলিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও নিরাপদ করতে কঠোর ও বাধ্যতামূলক সুরক্ষা নীতিমালা ঘোষণা করা হয়েছে। সরকারি এক পোর্টালে স্বয়ংক্রিয় এআই এজেন্টের মাধ্যমে গোপনীয় সরকারি ডেটা বা উপাত্ত অ্যাক্সেস করার ঘটনার পরই মূলত এই নীতিগত পরিবর্তনের ঘোষণা আসে।
ওপেনএআই-এর প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি সিস্টেমের নিরাপত্তা ত্রুটির জেরে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সংবাদমাধ্যমকে এই নতুন নীতি চালুর বিষয়টি নিশ্চিত করেন।
এবিসি অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে একটি সরকারি পোর্টালের মাধ্যমে গোপনীয় মেডিকেয়ার পরিসংখ্যানে প্রবেশ করে স্বয়ংক্রিয় এআই এজেন্টগুলো। গত জুন মাসে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছিল।
তবে আগস্ট মাসের আগে বিষয়টি কারোরই নজরে আসেনি। পরবর্তীতে গত সেপ্টেম্বর মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, এই ঘটনায় কোনো ব্যক্তিগত তথ্য চুরি বা হাতবদল হয়নি। তবে তিনি এই ডেটা লঙ্ঘন বা নিরাপত্তা ত্রুটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন।
নিরাপত্তার এই বড় ত্রুটি নিয়ে একটি আনুষ্ঠানিক পর্যালোচনা সম্পন্ন হয়। সেই পর্যালোচনার ভিত্তিতে পেশ করা ১৮টি সুপারিশের সবকটিই সরকার গ্রহণ করেছে।
নতুন এই সংস্কার প্যাকেজের আওতায় বাধ্যতামূলকভাবে যেকোনো নিরাপত্তা ঘটনার প্রতিবেদন জমা দেওয়া এবং প্রযুক্তি ডেভেলপারদের জন্য কঠোর ফৌজদারি আইনের বিধান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং অনেক ক্ষেত্রে আইনকে আরও এগিয়ে নিতে এই পদক্ষেপ জরুরি ছিল।
আসন্ন নিয়মকানুনগুলো বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো মেনে চলছে কি না, তা তদারকি করার জন্য একটি নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ জাতীয় স্তরের এআই স্ট্যান্ডার্ড বা মান চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে কোম্পানিগুলো যেকোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা তাৎক্ষণিকভাবে জানাতে বাধ্য থাকবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ক্ষতি রোধে ব্যর্থতার জন্য নতুন কোনো স্বতন্ত্র অপরাধ আইন করা যায় কি না, তা নিয়েও কানবেরা এখন চিন্তাভাবনা করছে।
স্বয়ংক্রিয় ব্যবস্থা, সাইবার নিরাপত্তার দুর্বলতা এবং ডেভেলপারদের জবাবদিহিতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া এমন কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার দিকে ঝুঁকছে।
প্রযুক্তির গতি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এমনটি না হতে দিয়ে অস্ট্রেলিয়াকে নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তার গতিপথ সক্রিয়ভাবে নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন অ্যান্থনি অ্যালবানিজ।
