বৃহস্পতিবার বিশ্বজুড়ে মাইক্রোসফট সিস্টেমে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেয়। প্রযুক্তি প্রতিষ্ঠানটির থ্রিফাইভ সফটওয়্যার সেবা ব্যাহত হওয়ায় লাখ লাখ মানুষ গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেননি।
সেবা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কথা জানায়। আউটলুক, টিমস, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টের মতো জনপ্রিয় সেবাগুলোতে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী।
শেয়ারপয়েন্ট এবং ওয়ানড্রাইভের মতো প্রাতিষ্ঠানিক সেবাগুলোও এই বিপর্যয়ের মুখে পড়ে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী কপাইলটও এই কারিগরি ত্রুটির কবলে পড়ে।
অনেক ব্যবহারকারী ইমেইল পাঠানো বা গ্রহণের ক্ষেত্রে অক্ষমতার কথা জানান। আবার অনেকেই তাদের ইনবক্স পুরোপুরি লোড করতে না পারার অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাইক্রোসফট প্রযুক্তিগত সমস্যার বিষয়টি স্বীকার করে। বিভিন্ন সংযোগ পদ্ধতির মাধ্যমে এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্সে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীদের সমস্যায় পড়ার বিষয়টি তারা খতিয়ে দেখছে বলে জানায়।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি পরবর্তীতে ব্যাখ্যা দিয়ে জানায়, তাদের অবকাঠামোর একটি অংশে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। গ্রাহকদের এই সংযোগ ত্রুটির পেছনে এটি একটি বড় কারণ হতে পারে।
প্রকৌশলীরা জানান, বেশ কয়েকটি সার্ভার হঠাৎ করেই অচল হয়ে পড়েছিল। স্বয়ংক্রিয় পরীক্ষার সময় সার্ভারগুলোতে সমস্যা দেখা দেওয়ায় এই বিপর্যয় ঘটে।
এর আগে কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, প্রভাব কমাতে মাইক্রোসফট দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে। অচল সার্ভারগুলোকে পুনরায় সচল করতে সেগুলো রিস্টার্ট করার প্রক্রিয়া শুরু করে প্রযুক্তি জায়ান্টটি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের সফটওয়্যার সংযোজন ও কনফিগারেশন পরিবর্তন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। এই ঘটনার সাথে সাম্প্রতিক কোনো পরিবর্তনের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে পর্যালোচনা শুরু হয়।
কর্তৃপক্ষ জানায়, বাড়তি এই চাপের পেছনে সামগ্রিক ট্রাফিকের কোনো ভূমিকা ছিল না। বরং হঠাৎ করে বিপুলসংখ্যক সার্ভার অচল হয়ে যাওয়ায় অবশিষ্ট অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।
মাইক্রোসফট জানায়, উত্তর আমেরিকার টিমস সংক্রান্ত সমস্যাগুলো দিনের শুরুতে সফলভাবে সমাধান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাকি সার্ভারগুলো সচল করতে তারা একটি বিকল্প স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতি প্রয়োগ করে।
