বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের কারণে লাখো ব্যবহারকারী বিভিন্ন অঞ্চলে সংযোগ জটিলতায় পড়ার পর উন্নতির ইঙ্গিত দিয়েছে মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংকট নিরসনের কাজের অংশ হিসেবে তারা নিরাপত্তা প্যাচ প্রয়োগ এবং সার্ভার অবকাঠামো রিবুট করার পর সামান্য সাফল্য পেয়েছে।
শুক্রবার সকালে তাদের সার্ভিস হেলথ স্ট্যাটাস পেজে প্রকাশিত এক হালনাগাদ তথ্যে মাইক্রোসফট জানায়, তারা বিভিন্ন অঞ্চলে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে। একইসঙ্গে সার্ভারের কার্যক্ষমতা যাচাই এবং সিস্টেমের সক্ষমতা বাড়ানোর পদক্ষেপগুলো মূল্যায়ন করা হচ্ছে।
পরবর্তীতে মাইক্রোসফট সেবার মান উন্নত হওয়ার কথা জানিয়েছে। তাদের সর্বশেষ ট্রাফিক অপ্টিমাইজেশন বা ডেটা ব্যবস্থাপনা পদক্ষেপগুলো সেবার স্থায়িত্ব রক্ষায় ইতিবাচক ফল এনেছে এবং সক্ষমতা বাড়িয়েছে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের কাজ চলছে। সেবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে, তবে ট্রাফিক বা ব্যবহারকারীর চাপ ধীরে ধীরে যুক্ত করায় সক্ষমতা এখনও পুরোপুরি আগের অবস্থায় ফেরেনি এবং সেবার মান ওঠানামা করছে।
এর আগের চেষ্টাগুলো কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় সর্বশেষ এই অগ্রগতি ব্যবহারকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে। হঠাৎ করে সার্ভার বন্ধ হয়ে যাওয়াকে মূল কারণ হিসেবে চিহ্নিত করার পর অবশিষ্ট অবকাঠামোর ওপর চাপ তৈরি হয়েছিল।
এই ব্যাপক প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্সের পাশাপাশি একাধিক অঞ্চলে আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ এবং টিমস ব্যবহারের সুযোগ ব্যাহত হয়।
ডাউনটেক্টরের তথ্য অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্রেই আউটলুক নিয়ে বিভ্রাটের অভিযোগ ৯৭ হাজার ছাড়িয়ে যায়। এছাড়া মাইক্রোসফট ৩৬৫ নিয়ে ৩৮ হাজার এবং টিমস নিয়ে ৪ হাজার ৫০০ অভিযোগ জমা পড়েছিল।
মাইক্রোসফট জানিয়েছে, এই ঘটনার পেছনে কোনো ধরনের সাইবার আক্রমণ বা ক্ষতিকর কার্যক্রমের সম্পৃক্ততা তারা পায়নি। সেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিপর্যয় নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি।
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর মাইক্রোসফট একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। ওই প্রতিবেদনে বিভ্রাটের মূল কারণ এবং অবকাঠামোর স্থায়িত্ব বাড়ানোর পরবর্তী পদক্ষেপগুলোর কথা তুলে ধরা হবে।
