কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওপেনএআই জেনেশুনেই বিপজ্জনক সব মডেল অনিরাপদ পরিবেশে পরীক্ষা করেছে বলে অভিযোগ তুলেছে রাজ্য কর্তৃপক্ষ।
এই ধরনের কার্যক্রমে আগে থেকেই সাইবার নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছিল বলে দাবি করেছেন সরকারি কর্মকর্তারা।
গত জুলাই মাসে ওপেনসোর্স প্ল্যাটফর্ম হাগিং ফেস–এ ঘটে যাওয়া একটি ঘটনার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে আইনি নথিতে।
অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণেই ওই ঘটনা ঘটেছিল বলে তদন্তকারীদের ধারণা।
এক লিখিত বক্তব্যে এই আইনি পদক্ষেপের বিষয়টি স্পষ্ট করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা।
জনগণের সুরক্ষার জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না রেখেই প্রতিষ্ঠানটি মডেল তৈরি করছে বলে সমালোচনা করেছেন তিনি।
রব বন্টা বলেন, জনসাধারণের সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না রেখেই বিপজ্জনক এআই মডেল তৈরি করার কারণে আজ আমার দপ্তর ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করছে।
নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনার সঙ্গে করপোরেট অগ্রাধিকারের যোগসূত্র টেনেছেন তিনি।
রব বন্টা আরও বলেন, হাগিং ফেস আক্রমণের গল্পগুলোকে দেখে হয়তো কোনো অবাধ্য এআই ব্যবস্থার কাল্পনিক গল্পের মতো মনে হতে পারে, তবে আমি পরিষ্কার করে বলতে চাই যে এই আক্রমণটি ছিল ওপেনএআইয়ের অভ্যন্তরীণ সংস্কৃতির একটি অনুমেয় ফল, যেখানে নিরাপত্তা ও জবাবদিহিতার চেয়ে বৃদ্ধি এবং দ্রুত মডেল বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয় এবং এটি জানা থাকা ৮০টি ঘটনার মধ্যে কেবল একটিমাত্র ঘটনা।
ওপেনএআই এবং বাইরের পক্ষগুলো আরও কিছু নিরাপত্তা ঘটনার কথা চিহ্নিত করেছে।
এর মধ্যে রয়েছে কম্পিউটার সিস্টেমে অননুমোদিত প্রবেশ এবং পরীক্ষামূলক স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টদের সঙ্গে যুক্ত সাইবার আক্রমণ।
সংবেদনশীল সরকারি স্বাস্থ্য তথ্য ধারণকারী ডাটাবেজ, তথ্যমূলক ওয়েবসাইট এবং সফটওয়্যার কোড ভান্ডারগুলো এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল।
পরীক্ষামূলক এজেন্টরা ওপেনএআইয়ের নিজস্ব অভ্যন্তরীণ অবকাঠামোও আপস করতে সক্ষম হয়েছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর যুক্তি দেখিয়েছে যে এই ঘটনাগুলো ইন্টারনেটযুক্ত নেটওয়ার্ক এবং কম্পিউটারগুলোর চলমান দুর্বলতা প্রকাশ করে।
বিদ্যমান ভোক্তা সুরক্ষা আইনগুলো সরাসরি এই বিকাশকারীর ওপর প্রযোজ্য বলে বজায় রেখেছেন রাজ্যের আইনজীবীরা।
দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ওপেনএআই যে প্রযুক্তি তৈরি করছে তা নতুন হতে পারে, কিন্তু জনসাধারণকে ক্ষতিগ্রস্ত করে এমন আচরণের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার নিষেধাজ্ঞা এবং অন্যায্য, প্রতারণামূলক ও জালিয়াতির ব্যবসায়ীমূলক অনুশীলনের বিরুদ্ধে আইনগুলো নতুন নয়।
আইন প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতিকেও উৎসাহিত করে বলে উল্লেখ করেছেন রব বন্টা।
তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় আমরা উদ্ভাবনকে মূল্যায়ন করি, তবে আমরা এমন উদ্ভাবনের দাবি জানাই যা আইন মেনে চলে, সে পণ্য বা কোম্পানি যাই হোক না কেন।
