রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

শিশুদের খাবারে বিষ প্রয়োগ: অস্ট্রিয়া ও ইউরোপে হিইপ পণ্যে সতর্কতা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪৮ পিএম

শিশুদের খাবারে বিষ প্রয়োগ: অস্ট্রিয়া ও ইউরোপে হিইপ পণ্যে সতর্কতা

শিশুদের খাবারে বিষ! হিইপ ব্র্যান্ডে সতর্কতা। Ai ছবি

অস্ট্রিয়ার পুলিশ নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যে বিখ্যাত হিইপ (HiPP) ব্র্যান্ডের একটি বেবি ফুডের জারে ইঁদুরের বিষ পাওয়া গেছে। বিবিসি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বার্গেনল্যান্ড অঞ্চলের একজন গ্রাহক গাজর ও আলুর পিউরির একটি জারে বিষ থাকার বিষয়টি রিপোর্ট করার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। 

তবে পুলিশ নিশ্চিত করেছে যে বিষযুক্ত ওই খাবারটি কোনো শিশু গ্রহণ করেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে যে জারের ঢাকনা এবং সিল ট্যাম্পার বা পরিবর্তন করা হয়েছিল। কর্তৃপক্ষ ধারণা করছে যে আরও অন্তত একটি বিষযুক্ত জার বাজারে থাকতে পারে এবং ইতিমধ্যে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াতেও এই ধরনের ট্যাম্পার করা জার জব্দ করা হয়েছে।

জার্মান ভিত্তিক কোম্পানি হিইপ জানিয়েছে যে এটি তাদের পণ্যের মানগত কোনো ত্রুটি নয় বরং একটি পরিকল্পিত অপরাধমূলক কাজ। তারা ইতিমধ্যে অস্ট্রিয়ার স্পার (Spar) সুপারমার্কেট থেকে তাদের সমস্ত পিউরি পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, তাদের কারখানা থেকে পণ্যগুলো সঠিক অবস্থাতেই বের হয়েছিল কিন্তু মধ্যবর্তী কোনো স্তরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। 

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ার খুচরা বিক্রেতারাও তাদের দোকান থেকে হিইপ ব্র্যান্ডের সমস্ত জার সরিয়ে ফেলেছে। অস্ট্রীয় স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সংস্থা অভিভাবকদের পরামর্শ দিয়েছে যে কোনো শিশুর শরীরে রক্তপাত, চরম দুর্বলতা বা ফ্যাকাশে ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বিশেষজ্ঞরা গ্রাহকদের পণ্য কেনার সময় কয়েকটি বিশেষ চিহ্ন পরীক্ষা করতে বলেছেন। বিশেষ করে জারের নিচের অংশে সাদা স্টিকারের ওপর লাল বৃত্ত থাকা, ঢাকনা ঢিলা হওয়া অথবা অস্বাভাবিক গন্ধ পাওয়া গেলে তা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নেসলে এবং ড্যানোন কোম্পানিও তাদের শিশু খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কায় ৬০টিরও বেশি দেশ থেকে পণ্য প্রত্যাহার করেছিল। হিইপ কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের বেবি ফর্মুলা বা দুধের গুঁড়ো এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নয় এবং সেগুলো ব্যবহারের জন্য নিরাপদ। উম্মাহ কণ্ঠের এই প্রতিবেদনে অভিভাবকদের তাদের শিশুদের খাবারের প্যাকেট ব্যবহারের আগে সিল পরীক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

banner
Link copied!