গত শনিবার ওয়াশিংটনে একটি গণমাধ্যম অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে, তা নিয়ে বর্তমানে পুরো আমেরিকা ও অনলাইন দুনিয়া উত্তাল। তবে এই হামলার ঘটনার চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব। বিশেষ করে `ব্লু-অ্যানন` (BlueAnon) নামে পরিচিত একটি পক্ষ দাবি করছে যে, এটি ছিল একটি `সাজানো নাটক`।
তাদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ থেকে মানুষের দৃষ্টি সরাতে ট্রাম্প প্রশাসন নিজেই এই হামলার পরিকল্পনা করেছে। যদিও এফবিআই এবং বিচার বিভাগ এই দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিপজ্জনক বলে অভিহিত করেছে।
এফবিআই-এর তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে হামলাটি ঘটে। ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামে এক ব্যক্তি অস্ত্র নিয়ে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার চেষ্টা করেন। এসময় তিনি অন্তত একটি গুলি ছোড়েন যা একজন সিক্রেট সার্ভিস এজেন্টের বুলেপ্রুফ জ্যাকেটে আঘাত করে। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পকে মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
হামলার ঘটনায় জড়িত কোল অ্যালেন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং অন্যান্য প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্যের বন্যা বয়ে যায়। নিউজগার্ডের মতো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের মতে, মাত্র দুই দিনে এই সংক্রান্ত ষড়যন্ত্রমূলক পোস্টগুলো প্রায় ৮০ মিলিয়ন বার দেখা হয়েছে।
ষড়যন্ত্রকারীদের প্রধান যুক্তি হলো—ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ এবং ক্রমবর্ধমান তেলের দাম নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর যে জনরোষ তৈরি হয়েছে, তা ধামাচাপা দিতেই এই `সিম্প্যাথি কার্ড` বা সহমর্মিতা অর্জনের কৌশল নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কোনোভাবেই সাজানো হতে পারে না।
হামলাকারী কোল অ্যালেনের পূর্ব ইতিহাস অনুসন্ধান করে জানা গেছে যে, তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এবং পেশায় একজন খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার।
হামলার ঠিক কয়েক মিনিট আগে তিনি তার পরিবারকে একটি মেইল পাঠিয়েছিলেন, যেখানে তিনি নিজেকে `ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন` হিসেবে পরিচয় দেন। তার লেখায় ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অনেক সিদ্ধান্তের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, হামলাটি ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভ থেকেই উৎসারিত ছিল। এফবিআই বর্তমানে তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো খতিয়ে দেখছে যেখানে তিনি প্রায়ই ট্রাম্পবিরোধী অবস্থান নিতেন।
আন্তর্জাতিক অঙ্গনেও এই ঘটনা নিয়ে নানা তত্ত্ব ঘুরপাক খাচ্ছে। রাশিয়া ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে যে, এই হামলার সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার যোগসূত্র থাকতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে `ম্যাগা` (MAGA) সমর্থকদের একটি অংশ মনে করছে যে এটি ডেমোক্র্যাটদের একটি চক্রান্ত। আমেরিকান রাজনীতির এই চরম মেরুকরণ সাধারণ মানুষের মধ্যে মূলধারার গণমাধ্যমের প্রতি অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, যা ষড়যন্ত্র তত্ত্বের প্রসারে জ্বালানি হিসেবে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য এক বড় হুমকি। যখন একটি বাস্তব হামলাকে `সাজানো` হিসেবে প্রচার করা হয়, তখন তা কেবল তদন্তকেই বাধাগ্রস্ত করে না বরং সমাজে আরও সহিংসতার পথ প্রশস্ত করে।
ট্রাম্প প্রশাসন এই ঘটনার জন্য "বামপন্থী ঘৃণার সংস্কৃতিকে" দায়ী করেছে। তবে বাস্তবতা হলো, ইরান যুদ্ধের ফলে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং আমেরিকান সেনাদের হতাহতের সংখ্যা বাড়ছে, তা ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। এই সংকটময় সময়ে একটি নতুন হত্যাচেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়।
