মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মার্কিন ইরান সংঘাত

ইরান যুদ্ধ অত্যন্ত জনপ্রিয় না হলেও অপরিহার্য ছিল: দাবি মার্ক রুবিওর

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৯, ২০২৬, ০৭:৩০ এএম

ইরান যুদ্ধ অত্যন্ত জনপ্রিয় না হলেও অপরিহার্য ছিল: দাবি মার্ক রুবিওর

ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। রাজনৈতিকভাবে এটি জনপ্রিয় না হলেও পারমাণবিক হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল বলে দাবি করেছেন তিনি। প্যারিসে অনুষ্ঠেয়ে জি-সেভেন ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার আগে ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় বিপদ সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিলেন বলেও জানান রুবিও।

কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পরই মূলত এই সাফাই গাইলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবারের ওই নির্বাচনে ভোটাররা বর্তমান প্রশাসনের নীতিমালার বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। যুদ্ধের নেতিবাচক প্রভাব এবং অর্থনৈতিক সংকটের কারণে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। বিশেষ করে বিশ্ববাজারের তেলের একটি বড় অংশ সরবরাহকারী হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটায় জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম অসন্তুষ্ট হন।

সাংবাদিকরা নির্বাচনের ফল সম্পর্কে জানতে চাইলে মার্ক রুবিও সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স একটি পোস্ট দিয়ে কংগ্রেস নির্বাচনে এই পরাজয়ের জন্য যুদ্ধকে দায়ী করেছিলেন। রুবিও সেই প্রসঙ্গও এড়িয়ে যান এবং যুক্তি দেখান যে জাতীয় নিরাপত্তার কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার কাজটি প্রায় সময়ই জনসমর্থন পায় না।

নির্বাচনে এই যুদ্ধের প্রভাব থাকার কথা স্বীকার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যে উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের কথাটি সঠিক ছিল। তবে ট্রাম্প যোগ করেন, ভ্যান্সের উচিত ছিল সামরিক পদক্ষেপটিই যে সঠিক সিদ্ধান্ত ছিল তা জোরালোভাবে তুলে ধরা। পরমাণু অস্ত্রসজ্জিত ইরান পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াত উল্লেখ করে তিনি দাবি করেন, এই সংঘাত প্রশাসনের অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

অন্যদিকে ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, তেহরানের কাছে বর্তমানে ৪৪০.৯ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ মাত্রায় পৌঁছানোর জন্য এই পরিমাণ ইউরেনিয়ামকে খুব সামান্য একটি কারিগরি ধাপ অতিক্রম করতে হবে।

চলমান এই যুদ্ধের আট মাস পূর্ণ হওয়ার মুখে দুই পক্ষের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। মার্ক রুবিও জানান যে বর্তমান আলোচনায় কোনো বড় ধরনের সাফল্যের সম্ভাবনা নেই এবং ইরানের বর্তমান দাবিগুলো অবাস্তব, হাস্যকর ও গ্রহণযোগ্য নয়। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্যে কাতারের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, ইরান বর্তমানে তা পর্যালোচনা করে দেখছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে ওয়াশিংটন মূল শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো আলোচনায় বসবে না। এসব শর্তের মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌপথের অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া এবং লেবাননে ইসরায়েলি অভিযানসহ পুরো অঞ্চলে শত্রুতা বন্ধ করা।

সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে যুক্তরাষ্ট্র যদি অগ্রগতি দেখতে পায় এবং একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হয়, তবে নতুন করে বিমান হামলা চালানোর সম্ভাবনা কম। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সামরিক অভিযান যদি আবার শুরু হয়, তবে সেতুসহ এমন ৩৮টি অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

গত এক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অন্তত দুবার সীমিত আকারে হামলা চালিয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের বন্দরে প্রবেশের চেষ্টা করায় গত শনিবার একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়েছে। অঞ্চলের নৌপথ এবং নিজেদের সামরিক বাহিনীকে সুরক্ষায় যুক্তরাষ্ট্র এ ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেছেন মার্ক রুবিও।

banner
Link copied!