মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইয়েমেন সংঘাত

সৌদি আরবে হুথি বাহিনীর হামলা প্রতিহত: দাবি জোটের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১০, ২০২৬, ১০:৩০ এএম

সৌদি আরবে হুথি বাহিনীর হামলা প্রতিহত: দাবি জোটের

সৌদি আরবের আকাশসীমায় হুথি বিদ্রোহীদের চালানো ধারাবাহিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারে লড়াইরত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বঞ্চলীয় আকাশসীমার ওপর একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার ভোরে সৌদি রাজধানীর দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও মাঝআকাশে ধ্বংস করে দেওয়া হয়।

এ ছাড়া, দেশটির দক্ষিণাঞ্চলের দিকে যাওয়া আরও একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অকেজো করে দিয়েছে বিমান প্রতিরক্ষা বাহিনী।

সৌদির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ শহর, আবহা শহর এবং খামিস মুশাইত গভর্নরেটে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করেছিল।

নিরাপত্তা অভিযান সফলভাবে শেষ হওয়ার পর এই সতর্কতা তুলে নেওয়া হয়।

এর আগে সোমবার জোট বাহিনী বেশ কিছু সামরিক বিমান হামলা চালিয়েছিল।

ইরান সমর্থিত হুথি মিলিশিয়ারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরিতে যেসব স্থাপনা ব্যবহার করত, তার মধ্যে তিনটি ধ্বংস করা হয়েছে বলে জানায় জোট।

আল-মালিকি জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন কারখানা এবং কঠিন প্রপেলান্ট উৎপাদনের রাসায়নিক প্ল্যান্ট ছিল।

তৃতীয় স্থাপনাটি ছিল অস্ত্র ব্যবস্থার ইলেকট্রনিক সরঞ্জাম সংযোজনের একটি কর্মশালা।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনের বেসামরিক নাগরিক এবং অবকাঠামোতে হুথিদের বারবার হামলার জবাবে এই প্রতিরোধমূলক অভিযান চালানো হয়েছে।

সামরিক কর্মকর্তারা বলেছেন, হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক দুর্বল ও ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

banner
Link copied!