দ্বিপক্ষীয় শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৈঠকে মিলিত হয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। ডাবলিনে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে আজারবাইজানের প্রেসিডেন্সি এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ওই বিবৃতিতে জানানো হয়, গত ২০২৫ সালের আগস্ট মাসের শান্তি শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। আগের সেই সম্মেলনে বাকু ও ইয়েরেভান একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিল এবং একটি শান্তি চুক্তির প্রাথমিক রূপ চূড়ান্ত করেছিল।
দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়াকে স্থায়ী রূপ দেওয়ার বাস্তব পদক্ষেপগুলো নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং দীর্ঘদিনের বৈরিতা দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে দুই নেতার আলোচনায় পরিবহন ও ট্রানজিট সংযোগের উন্নয়ন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, সীমান্ত নির্ধারণ এবং পারস্পরিক আস্থা বাড়ানোর নানা পদক্ষেপের পর্যালোচনা করা হয়।
আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির জন্য ট্রাম্প রুট প্রকল্পের অগ্রগতির বিষয়েও আলোচনা করেন দুই নেতা। এই প্রকল্পের রেলওয়ে ও মহাসড়ক অংশের পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ এবং ভবিষ্যৎ ট্রানজিট সম্ভাবনা খতিয়ে দেখা হয়।
আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করে আর্মেনিয়ায় পণ্য পরিবহন শুরু হওয়াকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছেন দুই নেতা।
সরকারি হিসাব অনুযায়ী, গত ২০২৫ সালের নভেম্বর মাস থেকে আজারবাইজানের ভূখণ্ড হয়ে প্রায় ১ লাখ ৫ হাজার টন পণ্য আর্মেনিয়ায় পরিবহন করা হয়েছে।
বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। এর মধ্যে দুই দেশের বিদ্যুৎ সঞ্চালন লাইন একে অপরের সঙ্গে সংযুক্ত করার বিষয়টিও রয়েছে।
সীমান্তবর্তী নদীর পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশগত সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে দুই দেশ ইতোমধ্যে পৃথক কর্মদল গঠন করেছে বলে জানানো হয়েছে।
শান্তি প্রক্রিয়ার এই ইতিবাচক ধারা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ইলহাম আলিয়েভ ও নিকোল পাশিনিয়ান। অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার করতে তাঁরা নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
