শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মিয়ানমারে বিমান হামলা

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা: নিহত ১২

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৪, ২০২৬, ১০:০১ পিএম

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা: নিহত ১২

মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুতদের একটি শিবিরে সামরিক বাহিনীর বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

,

রাজধানী সিত্তওয়ের উত্তর-পূর্বে পোন্নাগুন টাউনশিপের বিয়ার লা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিবিরে এই বিমান হামলা চালানো হয়। ছিট সু ওয়াই নামের সাতাশ বছর বয়সী এক দোকানদার এই বোমা হামলায় তার মেয়ে, খালা ও মা উভয়কে হারিয়েছেন।

,

তিনি বলেন, আমি শুধু তাদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেছি। এই দৃশ্য বর্ণনা করার মতো ভাষা আমার নেই। আমরা শুধু কান্নায় ভেঙে পড়েছিলাম। এই হামলা তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তিনি জানান, যুদ্ধবিমানের কোনো শব্দ বা পূর্ব সতর্কতা ছাড়াই বিমানটি বোমা ফেলেছিল।

,

ফিউসিন ইয়িন খভিন ফাউন্ডেশন নামের উদ্ধারকারী সংস্থার চেয়ারম্যান খাইং হেইন ত্বেত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একটি পাঁচ বছরের শিশুও রয়েছে এবং এই শিবিরে আরও ১৮ জন আহত হয়েছেন।

,

চব্বিশ বছর বয়সী এই উদ্ধার কর্মকর্তা বলেন, তারা বিশ্বাস করেছিলেন শিবিরটি নিরাপদ এবং তারা সেখানে একসঙ্গে আশ্রয় নিয়েছিলেন। এলাকাটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না এবং উদ্ধারকর্মীরা কখনই আশা করেননি শিবিরটি সামরিক লক্ষবস্তুতে পরিণত হবে।

,

শনিবারের মধ্যে দেখা যায়, সেখানে ধসে পড়েছে বাঁশের তৈরি ঘরগুলো এবং ওল্টে যাওয়া একটি গাড়ির ধ্বংসাবশেষের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে গৃহস্থালির জিনিসপত্র ও পোশাক। স্থানীয় বাসিন্দারা মরদেহগুলো সরিয়ে হলুদ ও লাল রঙের প্লাস্টিকে মুড়িয়ে অস্থায়ী কবরে দাফন করেন।

,

পঁয়তাল্লিশ বছর বয়সী অটোরিকশাচালক অং কিয়াও মিন হামলার পর তার ভাইবোনদের খুঁজতে সেখানে ছুটে যান। তিনি বলেন, আমার বোনের শরীর ছিল মাথাছাড়া এবং আমার ভাই মৃত অবস্থায় পড়ে ছিল। পরের দিন তিনি জানতে পারেন তার মাও মারা গেছেন এবং দশ বছরের এক শিশুসহ অন্য স্বজনরা এখনও নিখোঁজ রয়েছেন।

,

তিনি বলেন, এখন আমার বোন, ভাই এবং মা সবাই মারা গেছেন। আমার ভাতিজা-ভাতিজিরা এখনও নিখোঁজ, আমি জানি না তাদের কোথায় খুঁজে পাব।

,

পাঁচ বছর আগে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্ষমতা দখল গণতন্ত্রপন্থী কর্মী এবং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সশস্ত্র প্রতিরোধকে উসকে দিয়েছে। উপকূলীয় রাজ্য রাখাইন এই সংঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি মূলত জাতিগত সংখ্যালঘু আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে এবং সামরিক অবরোধ ও নিয়মিত বিমান হামলার মুখে পড়েছে।

,

চার বছর ধরে বহু মানুষ বসবাস করে আসা এই শিবিরে হামলার বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি-এর হিসাব অনুযায়ী, গৃহযুদ্ধ শুরুর পর থেকে সব পক্ষের সংঘাতে এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

banner
Link copied!