দেশের পশ্চিমাঞ্চলে নির্ধারিত একটি আইনসভা বৈঠক কর্তৃপক্ষ আটকে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তদন্তের দাবি জানিয়েছে লিবিয়ার সংসদ। প্রতিনিধি পরিষদ মঙ্গলবার জানিয়েছে যে তাদের সদস্যদের বহনকারী বিমানগুলোকে অবতরণ করতে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থলভাগের নিরাপত্তা ও সামরিক পদক্ষেপের মাধ্যমে আইনপ্রণেতাদের জিনতানে পৌঁছাতে বাধা সৃষ্টি করা হয়।
,আইনসভা এই বিশৃঙ্খলাকে আইনপ্রণেতাদের স্বাধীনতার লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে শক্তি প্রয়োগ বা প্রশাসনিক বাধা সৃষ্টির বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে তারা।
,সংসদ সদস্য তারিক আল জারুশি জানান, বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার প্রস্তুতি নেওয়া সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছিল যে জিনতানে তাদের বিমান অবতরণের অনুমতি পাবে না। তিনি প্রেসিডেন্ট কাউন্সিলের বিরুদ্ধে রানওয়েতে গাড়ি নামিয়ে বিমান অবতরণে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তার মতে, এই ঘটনা রাজনৈতিক দূরত্ব আরও বাড়িয়ে তুলবে এবং চলমান সংলাপকে ক্ষতিগ্রস্ত করবে।
,নির্ধারিত সংসদীয় এজেন্ডার মধ্যে সরকারি খাতের বেতনভাতা, আর্থিক সংকট এবং শীর্ষ রাষ্ট্রীয় নিয়োগ নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত ছিল। সভার শুরুতে নভেম্বর মাসে সাবহার একটি অধিবেশনে জিনতানে এই সভা করার ব্যাপারে সম্মত হয়েছিল হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।
,আইনসভা অ্যাটর্নি জেনারেলের প্রতি এই ঘটনার একটি তদন্ত শুরু করার এবং এই বিশৃঙ্খলার জন্য দায়ী পক্ষগুলোকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে, যদিও তারা নির্দিষ্ট কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেনি।
,লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন এই বৈঠক পণ্ড হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন সারা দেশে স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মিশনটি।
,জাতিসংঘের এই সংস্থাটি উল্লেখ করেছে যে সংসদের নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠের অনুমোদন সাপেক্ষে বেনগাজী সদর দপ্তরের বাইরেও অধিবেশন করা যায়। জিনতানের বৈঠকের ক্ষেত্রে এই শর্ত পূরণ করা হয়েছিল বলেই তারা মনে করে।
,মিশনটি সব সভাস্থলে অবাধ চলাচল ও প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি সব পক্ষকে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা এবং যেকোনো ধরনের উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছে তারা।
