বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অস্থিরতা

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ইউনূসের পৈতৃক বাড়ি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ০২:৩০ পিএম

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ইউনূসের পৈতৃক বাড়ি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষের জেরে বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন অংশে আংশিক অচলাবস্থা তৈরি হয়। এই সহিংস কর্মসূচির অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে সহিংসতার অংশ হিসেবে শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়।

শেখ হাসিনার দল আওয়ামী লীগ এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল। মূলত আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে সামনে রেখে জনমত গঠন করতেই এই প্রচার চালানো হয় এবং এর সমাপ্তি হিসেবে বৃহস্পতিবার দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হয়।

গত ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতে নির্বাসনে রয়েছেন শেখ হাসিন। দেশে ফেরার প্রক্রিয়া সহজ করার জন্য তিনি নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন করেছেন। সরকারের পক্ষ থেকে সেই আবেদন নাকচ করার প্রতিবাদেই তার সমর্থকরা এই বিক্ষোভ করছেন।

সহিংসতা রোধে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ সাতটি জেলায় বিজিবির ৯৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। এই জেলাগুলোকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় বলে জানান এক মুখপাত্র।

রয়টার্সকে পুলিশ জানিয়েছে, মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি অব্যবহৃত কক্ষে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হতে পারে। তবে ভবনের ওপরের তলায় বসবাসকারী মুহাম্মদ ইউনূসের পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপদ আছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

গত ১০ দিনের বিক্ষোভে অন্তত ২৮টি জেলায় অসংখ্য ককটেল বিস্ফোরণ এবং গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই রাজনৈতিক অস্থিরতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ এলাকায় শেখ হাসিনার বাড়ির কাছে একটি বিক্ষোভের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক কর্মী নিহত হন। একই রাতে ঢাকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাসভবনের বাইরে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়।

কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে পিরোজপুর জেলায় দুটি বাসে আগুন দেওয়ার পর এক বাস সহকারীর মৃত্যু হয়।

২০২৪ সালের ছাত্র আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করে স্থানীয় আদালত গত বছর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় এবং মঙ্গলবার ছিল সেই রায়ের বর্ষপূর্তি। পুলিশ রয়টার্সকে জানায়, বৃহস্পতিবার ঢাকার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। ২০২৪ সালের আন্দোলনে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত তিনি।

গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১০ নভেম্বর থেকে ব্যাংকটির অন্তত ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ বা আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে কেবল মঙ্গলবার মধ্যরাতের পর থেকেই আরও ১৪টি শাখায় হামলা চালানো হয়।

গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা দেশ অস্থিতিশীল করতে এবং সম্পত্তিতে আগুন দিতে সমর্থকদের উসকে দিচ্ছেন। তিনি বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে আত্মগোপনে থাকায় এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি।

banner
Link copied!