শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার অপরাধ দমন

পোল্যান্ডে শিশু নিপীড়নের উপাদান ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১২৩ পুরুষ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ০৮:০০ পিএম

পোল্যান্ডে শিশু নিপীড়নের উপাদান ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১২৩ পুরুষ

নভেম্বরের শুরুর দিকে দেশব্যাপী চালানো এক বড় অভিযানে ১২৩ জন পুরুষকে গ্রেপ্তার করেছে পোল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাইবার অপরাধ দমন কেন্দ্রীয় ব্যুরো, জাতীয় প্রসিকিউটর কার্যালয় এবং আঞ্চলিক প্রসিকিউটরদের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন ইনফার্নো।

সারাদেশে প্রায় ১৭০টি স্থানে সাঁড়াশি অভিযান চালান আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। পরে আদালত এই সন্দেহভাজনদের মধ্যে ৩১ জনকে বিচারপূর্ব আটকের নির্দেশ দেন।

আটক হওয়া সবাই পুরুষ এবং তাদের বয়স ১৮ থেকে ৭৩ বছরের মধ্যে। এদের বেশিরভাগই পোল্যান্ডের নাগরিক হলেও দুজন ইউক্রেন ও বেলারুশের নাগরিক।

অভিযানের সময় এক হাজারেরও বেশি কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস ও তথ্য সংরক্ষণের মাধ্যম জব্দ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে এসব যন্ত্রের প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

তদন্তকারীরা জানান, আধুনিক ডিজিটাল ফরেনসিক প্রযুক্তির সহায়তায় জব্দ করা যন্ত্রগুলো থেকে লুকিয়ে রাখা নানা উপাদান উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণ উপায়ে তল্লাশি চালালে এই ফাইলগুলো হয়তো সহজে খুঁজে পাওয়া যেত না।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিশুদের জড়িয়ে অবৈধ উপাদান রাখা, প্রদর্শন করা, সরবরাহ করা এবং তা বিতরণের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ৬০ জনের বিরুদ্ধে এমন কন্টেন্ট তৈরির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, কিছু সন্দেহভাজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আপত্তিকর ডিপফেক ছবি তৈরি করেছিলেন। অনলাইনে শিশুদের যৌন নিপীড়নে নতুন প্রযুক্তির ক্রমবর্ধমান অপব্যবহারের বিষয়টি এর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে।

আটক ব্যক্তিদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। তদন্তকারীরা জানান, ওই শিক্ষক দাবি করেছিলেন যে ফরেনসিক বিশেষজ্ঞ হওয়ার মানসিক চাপ তিনি সহ্য করতে পারবেন কি না তা যাচাই করতেই তিনি এসব আপত্তিকর উপাদান সংগ্রহ করেছিলেন।

পোল্যান্ডের আইন অনুযায়ী, শিশু নিপীড়নের উপাদান তৈরি, সংরক্ষণ ও বিতরণের মতো অপরাধের জন্য নির্দিষ্ট ধারা অনুযায়ী সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

গত ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই আটকের খবর প্রকাশ করে কর্তৃপক্ষ। শিশু নিপীড়ন প্রতিরোধে বিশ্ব দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

banner
Link copied!