অস্ত্রধারী দলগুলোকে নিয়ন্ত্রণের জন্য ওয়াশিংটনের চাপ এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দীর্ঘমেয়াদি সামরিক দখলের মাঝে আটকে পড়েছে লেবানন। এই পরস্পরবিরোধী দাবির কারণে বৈরুতে তীব্র রাজনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস জানিয়েছেন, বেশ কিছু শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে যাবে না। এর মধ্যে রয়েছে হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, হামাসকে নির্মূল করা এবং সিরিয়া থেকে আসা হুমকি দূর করা। কাৎস আরও বলেন, ইসরায়েলি বাহিনী অনির্দিষ্টকালের জন্য তাদের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করতে চায়।
কাৎস সতর্ক করে বলেছেন, সংঘাত আরও বাড়লে ইসরায়েল আরও বেশি ভূখণ্ড দখল করতে প্রস্তুত রয়েছে। সামরিক বাহিনী আরও জমি দখল করতে পারে, বাসিন্দাদের সরিয়ে দিতে পারে এবং বিদ্রোহী অবকাঠামো ধ্বংস করতে পারে।
এই কঠোর অবস্থানের পাশাপাশি দক্ষিণ লেবাননেরজুড়ে সামরিক অভিযান চলছে। ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি বেকা উপত্যকায় হামলা চালিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহ সেখানে একটি মিসাইল উৎপাদন ও অস্ত্র সংরক্ষণের স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করছিল। এই হামলার আগে সিরীয় সীমান্তের কাছে হিজবুল্লাহর উদ্দেশ্যে পাঠানো একটি অস্ত্রের চালানেও অভিযান চালানো হয়।
এই ঘটনাগুলোর কারণে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার নিয়ে লেবানন সরকারের ওপর কূটনৈতিক চাপ অনেক বেড়ে গেছে। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বিষয়টি নিয়ে চাপ দিতে বৈরুত সফর করেছেন।
ওয়াল্টজ হিজবুল্লাহকে স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করে তা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান। তিনি যুক্তি দিয়েছেন যে দুটি সেনাবাহিনী নিয়ে লেবানন চলতে পারে না এবং লেবাননের সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার সঠিক মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
বৈরুতে সাংবাদিকদের তিনি বলেন, আমি আশা করি এবং প্রার্থনা করি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে। তাদের স্বেচ্ছায় তা করা উচিত। কোনো দেশেই দুটি সেনাবাহিনী থাকতে পারে না।
ওয়াল্টজ লেবাননে জাতিসংঘের উপস্থিতিতেও পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি পৌঁছানোয় এই মিশনের রূপ পরিবর্তন করা দরকার। লেবাননের সেনাবাহিনীকে সহায়তার জন্য একটি আন্তর্জাতিক তদারকি উপস্থিতি সহ বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওয়াশিংটন আলোচনা করেছে।
কার্নেগি মিডল ইস্ট সেন্টারের সিনিয়র ফেলো মোহানাদ হাজ আলী বলেন, মার্কিন এই দৃষ্টিভঙ্গি মাঠের বাস্তবতাকে এড়িয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে শিয়া সম্প্রদায়ের জন্য হিজবুল্লাহর নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসার একটি স্পষ্ট পথ বা রূপরেখা দরকার, যেমন প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা বা পর্যায়ক্রমিক কাঠামো, যা বর্তমান আলোচনায় অনুপস্থিত।
মোহানাদ হাজ আলী বলেন, ওয়াল্টজ জেনেশুনে বা না বুঝেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন যে শিয়া সম্প্রদায়কে হিজবুল্লাহর গ্রাস থেকে মুক্তির পথ হিসেবে প্রত্যাহারের সময়সীমা বা পর্যায়ক্রমিক কাঠামো দেওয়া উচিত, যা আলোচনার টেবিলে নেই। তিনি আরও বলেন, ইসরায়েলি দৃষ্টিভঙ্গি পুরো জনগোষ্ঠীকে হুমকি হিসেবে বিবেচনা করে, যেমনটি গাজা ও পশ্চিম তীরেও দেখা গেছে।
গত জুন মাসে মার্কিন মধ্যস্থতায় সম্মত হওয়া একটি কাঠামো অনুযায়ী লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেবে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করবে, যার পরে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে বলে কথা ছিল। তবে হিজবুল্লাহ এই শর্তগুলোকে আত্মসমর্পণ হিসেবে প্রত্যাখ্যান করায় আলোচনা সম্পূর্ণ থমকে গেছে।
সাধারণ নাগরিকদের জন্য এই রাজনৈতিক অচলাবস্থার অর্থ হলো চরম অর্থনৈতিক দুর্দশা। বৈরুতের কাছে একটি ভাগ করা বাড়িতে থাকা দক্ষিণ লেবাননের ৪২ বছর বয়সী বাস্তুচ্যুত আলী ধসে পড়া অর্থনীতিতে বেঁচে থাকার জন্য টুকটাক কাজ ও ডেলিভারির ওপর নির্ভর করছেন।
তিনি বলেন, আমাদের মানসিক অবস্থা ভেঙে পড়েছে। আমরা আর কত দিন প্রতিরোধ চালিয়ে যাব বা এ ধরনের কথায় বিশ্বাস করব জানি না। আমাদের কাজ নেই, দেশ ক্রমাগত অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে এবং ক্ষমতায় থাকা কেউই আর সত্যিকার অর্থে আমাদের প্রতিনিধিত্ব করে না। একসময় আমরা গর্ববোধ করতাম, এখন ক্ষুধা ও কর্মহীনতা আমাদের তাড়িয়ে বেড়ায়। খালি পেটে প্রতিরোধ লড়াই চালানো যায় না।
