রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ওমানের আমদানি খরচ

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ওমানে লাফিয়ে বাড়ল আমদানির দাম

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৫, ২০২৬, ০৫:০০ পিএম

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ওমানে লাফিয়ে বাড়ল আমদানির দাম

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ওমানের আমদানির দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রান্তিকে আমদানির দাম বেড়েছে ১১.৭ শতাংশ। জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের প্রকাশিত আনুষ্ঠানিক উপাত্তে এই তথ্য উঠে এসেছে।

প্রধানত খনিজ জ্বালানির খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানির এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় খনিজ জ্বালানি খাতে ব্যয় বেড়েছে ৪৫.৫ শতাংশ।

ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, পশম ও উদ্ভিজ্জ তেল, চর্বি এবং মোমের দাম ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রাসায়নিক দ্রব্য ও সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়েছে ১১.৬ শতাংশ।

জ্বালানি বাদে অন্যান্য কাঁচামালের দাম ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রধানত উপাদানের ভিত্তিতে শ্রেণিবদ্ধ উৎপাদিত পণ্যের দাম বেড়েছে ৭.১ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় সামগ্রিক আমদানি মূল্য সূচক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে জানুয়ারি থেকে মার্চ মেয়াদে বার্ষিক বৃদ্ধির হার ছিল ৫.৮ শতাংশ।

প্রান্তিকভিত্তিক হিসাবে খনিজ জ্বালানি ও সংশ্লিষ্ট উপকরণের দাম এক লাফে ২১.১ শতাংশ বেড়েছে। পানীয় ও তামাকজাত পণ্যের দাম ১৩.৮ শতাংশ এবং রাসায়নিক ও উৎপাদিত পণ্যের দাম ১২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে দ্বিতীয় প্রান্তিকে কিছু খাতের পণ্যের দাম কমেছে। প্রান্তিকভিত্তিক তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, যন্ত্রপাতি ও পরিবহন সরঞ্জামের দাম ১২.৮ শতাংশ এবং কাঁচামালের দাম ৮.৭ শতাংশ হ্রাস পেয়েছে।

বিবিধ উৎপাদিত পণ্যের দাম ১ শতাংশ এবং খাদ্য ও জীবন্ত প্রাণীর দাম ০.৩ শতাংশ কমেছে। বার্ষিকভিত্তিতে পানীয় ও তামাকজাত পণ্যের দাম ৬.৫ শতাংশ এবং খাদ্যপণ্যের দাম ১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাপী পণ্যের বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট আঞ্চলিক নৌপরিবহন বাধার সঙ্গে এই মূল্যবৃদ্ধির যোগসূত্র রয়েছে। উচ্চ জ্বালানি খরচ, বর্ধিত ফ্রেইট ও বিমা চার্জ এবং সমুদ্রপথে দীর্ঘ সময় লাগার কারণে আমদানি-নির্ভর অর্থনীতিগুলোতে চাপ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত এপ্রিল মাসে জানিয়েছে, জাহাজগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিতে হওয়ায় সামুদ্রিক বিমা প্রিমিয়াম ও ফ্রেইট খরচ বৃদ্ধি পেয়েছে। তবে ওমানের সামুদ্রিক প্রবেশাধিকার হরমুজ প্রণালীর বাইরে বিস্তৃত থাকায় দেশটি সরাসরি নৌ চলাচলের বাধার মুখে কিছুটা কম পড়েছে।

বিশ্বব্যাংক গত এপ্রিল মাসে পূর্বাভাস দিয়েছিল যে, জ্বালানি অবকাঠামোয় হামলা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের বাধার কারণে ২০২৬ সালে বিশ্বব্যাপী জ্বালানির দাম ২৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। জ্বালানি ও সারের দাম বাড়লে খাদ্যপণ্যের দাম এবং সার্বিক মূল্যস্ফীতিও বেড়ে যেতে পারে।

চলতি বছরের মার্চ মাসে ওমান ও কুয়েতে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পেলেও সৌদি আরবে তা মোটামুটি স্থিতিশীল ছিল।

banner
Link copied!