সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা প্রতিহত করতে দেশটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে মিশর।
কায়রোতে রাষ্ট্রীয় প্রাসাদে মিশরের প্রতিরক্ষা কাউন্সিলের এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
মিশরের রাষ্ট্রীয় তথ্য সার্ভিসের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির প্রতিরক্ষা পরিষদ সৌদির সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। বিবৃতিতে কায়রো ও রিয়াদের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলা হয়, সৌদি আরবের জাতীয় নিরাপত্তা মিশরের নিরাপত্তা এবং সামগ্রিক আরব নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। এই সহায়তার মূল লক্ষ্য হলো সৌদির সম্পদ রক্ষা করা, অখণ্ডতা বজায় রাখা এবং পবিত্র ইসলামিক স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করা।
সামরিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। উত্তেজনা হ্রাস এবং চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষের সঙ্গে সমন্বয় করবে কায়রো।
সৌদি আরব ও হুথি গোষ্ঠীর মধ্যে শত্রুতা তীব্র আকার ধারণ করার পর মিশরের পক্ষ থেকে এই জোরালো অবস্থান নেওয়া হলো। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করে আসছে।
মিশরের রাজধানীতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সংসদ স্পিকার, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান।
এ ছাড়াও বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং মিশরের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার শীর্ষ কমান্ডাররা অংশ নেন।
