চলমান হুথি সংঘাতের বিষয়ে আলোচনা করতে শনিবার ইস্তাম্বুলে ইয়েমেনি প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেসামরিক লোকজনের ওপর হামলা যে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বৈঠকে আঙ্কারার এই অবস্থান স্পষ্ট করবেন ফিদান।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিনিধি আফরা আল জৌবার মুখোমুখি বসবেন হাকান ফিদান। ইস্তাম্বুলে ইউরোপীয় ও আঞ্চলিক শীর্ষ কূটনীতিকদের নিয়ে এক দিনের উচ্চপর্যায় কূটনৈতিক বৈঠকের পরপরই এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২০১৪ সাল থেকেই ইয়েমেনে সংঘাত চলে আসছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে হুথিরা। চার বছরের একটি ভঙ্গুর যুদ্ধবিরতির পর গত জুলাই মাসে দেশটিতে নতুন করে লড়াই শুরু হয়। এর কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর সংঘাত গোটা অঞ্চলকে এক তীব্র সংকটের মুখে ঠেলে দেয়।
দীর্ঘমেয়াদি এই যুদ্ধের কারণে ইয়েমেনে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে পরিচিত এই জনপদ বর্তমানে এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে।
আসন্ন আলোচনায় রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেবেন হাকান ফিদান। তুর্কি সূত্রটি জানিয়েছে, বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হুথিদের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বৈঠকে সেটি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন তিনি।
আল জৌবার সঙ্গে বৈঠকে সামুদ্রিক নিরাপত্তার প্রসঙ্গটিও তুলবেন ফিদান। হরমুজ ও বাবে আল মান্দেব প্রণালীর নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনতে হবে বলে তিনি মন্তব্য করবেন।
ইরান সমর্থিত হুথিদের লাগাতার হামলার মুখে রয়েছে সৌদি আরব। চলতি মাসেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এক হামলায় ১৩ জন নিহত হন, যা বিগত কয়েক বছরের মধ্যে দেশটির ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।
সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক। এসব হামলার পর রিয়াদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে আঙ্কারা।
শুক্রবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির সরকারের মন্ত্রীরা ইস্তাম্বুলে একত্রিত হন। সৌদি আরবের ওপর হুথিদের হামলা এবং হরমুজ ও বাবে আল মান্দেব প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তারা তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিশরের সমকক্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
