বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি তেলবাহী ট্যাংকার: দাবি ইরানের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৯, ২০২৬, ০৪:০০ পিএম

হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি তেলবাহী ট্যাংকার: দাবি ইরানের

গত ২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীর কাছে সামুদ্রিক মাইনে আঘাত হেনে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস এই ঘটনা নিশ্চিত করেছে।

রেভল্যুশনারি গার্ডসের তথ্য অনুযায়ী, ওই জলপথের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করার সময় জাহাজগুলো একটি অননুমোদিত রুট ব্যবহার করার চেষ্টা করেছিল। ট্যাংকারগুলো সে সময় তাদের রাডার এবং নেভিগেশন সরঞ্জাম বন্ধ রেখেছিল।

তেহরানের কর্তৃপক্ষ জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডসের নৌ শাখার পক্ষ থেকে আগেই সতর্ক করা হলেও জাহাজগুলো তা উপেক্ষা করেছিল। পরবর্তীতে সামরিক বাহিনীর এই শাখা জানায় যে, জলপথের দক্ষিণ উপকূলে আগুনে পুড়তে থাকা জাহাজগুলো ফেলে চলে যাওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি একই নৌপথে একটি জাহাজে আগুন লাগার খবর জানিয়েছিল। তবে ব্রিটিশ সামুদ্রিক এই সংস্থা তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা কোনো হতাহতের খবর প্রকাশ করেনি।

পাশ দিয়ে যাওয়া একটি জাহাজের মাস্টার প্রথম এই ঘটনার খবর জানান। তিনি জানান, জ্বলন্ত জাহাজটি প্রণালীর ঠিক পাশেই ওমানের খাসাবের নয় নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার উত্তরে অবস্থান করছিল।

আন্তর্জাতিক বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালী একটি প্রধান ট্রানজিট করিডোর। গত ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই জলপথের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আসছে ইরান।

সরকারি অনুমোদন ছাড়াই এই করিডোর দিয়ে যাতায়াত করছে, এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে তেহরান। এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে পাল্টা অবরোধ বজায় রেখেছে।

banner
Link copied!