মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংকগুলোও একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে।
মার্কিন ফেডেরাল ওপেন মার্কেট কমিটি বেঞ্চমার্ক সুদের হার ৩.৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে বজায় রাখার পক্ষে ১০-২ ভোটে সিদ্ধান্ত নিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ মুদ্রার মান মার্কিন ডলারের সঙ্গে যুক্ত থাকায় এই অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত ওয়াশিংটনের পদাঙ্ক অনুসরণ করে থাকে।
ফেডেরাল রিজার্ভের দ্বৈত লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ফেডারেল ফান্ড রেটের লক্ষ্যমাত্রা ৩.৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত রিজার্ভ বজায় রাখার নীতি এখনো অব্যাহত রেখেছে কমিটি।
মার্কিন ফেডের বিববৃতি অনুযায়ী শক্তিশালী অভ্যন্তরীণ ব্যয়, জোরালো মূলধনী বিনিয়োগ এবং উৎপাদনশীলতার উচ্চ প্রবৃদ্ধির কারণে অর্থনৈতিক কার্যক্রম ভালো গতিতে সম্প্রসারিত হচ্ছে। তবে ভূরাজনৈতিক নানা ঘটনার কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা কিছুটা বেশি রয়েছে এবং বেকারত্বের হার প্রায় অপরিবর্তিত রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক ওভারনাইট ডিপোজিট ফ্যাসিলিটির ওপর তাদের বেজ রেট ৩.৯ শতাংশে অপরিবর্তিত রেখেছে। রিজার্ভ ব্যালেন্সের ওপর সুদের হার অপরিবর্তিত রাখার মার্কিন ফেডের ঘোষণার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক সব বিদ্যমান ক্রেডিট সুবিধার মাধ্যমে স্বল্পমেয়াদী তারল্য ঋণ নেওয়ার সুদের হারও বেজ রেটের চেয়ে ৫০ বেসিস পয়েন্ট ওপরে বজায় রেখেছে। কাতার সেন্ট্রাল ব্যাংক তাদের দেশের বর্তমান মুদ্রানীতি পর্যালোচনা করে আমানত, ঋণ এবং রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কাতার সেন্ট্রাল ব্যাংক তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানিয়েছে যে তাদের আমানতের হার ৪.১০ শতাংশ, ঋণের হার ৪.৬০ শতাংশ এবং রেপো রেট ৪.৩৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাহরাইন সেন্ট্রাল ব্যাংক তাদের ওভারনাইট আমানতের সুদের হার ৪.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। বৈশ্বিক আর্থিক বাজারের পরিস্থিতি বিবেচনায় রাজত্বে আর্থিক ও মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখার নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাংকটি জানিয়েছে।
সৌদি আরব, কুয়েত এবং ওমানের মতো জিডিসিভুক্ত অন্যান্য সদস্য দেশগুলো অবশ্য এখনো সুদের হার পরিবর্তনের বিষয়ে কোনো নতুন ঘোষণা দেয়নি।
