শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন

গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও চারজন আহত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৪, ২০২৬, ০৭:৩০ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও চারজন আহত

গত শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিভিন্ন হামলায় এক নারীসহ দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গত ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই সহিংসতা চালিয়েছে দখলদার বাহিনী।

নিহত ফিলিস্তিনি নারী ফাতিমা আবু লাবান উত্তর গাজার বেইত লাহিয়ার তাল আল-ধাহাব এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। একই শহরে ইসরায়েলি সেনার গুলিতে ঘাড়ে গুরুতর আঘাত পান আরেক ফিলিস্তিনি নারী।

এদিকে গাজা সিটির আল-রিমাল এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ আনান আল-রাওয়াঘ নামের এক তরুণ ফিলিস্তিনি নিহত হন। এই হামলায় আরও তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল-রিমাল এলাকার প্যালেস্টাইন স্টেডিয়ামের কাছে পথচারীদের লক্ষ্য করে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি ইসরায়েলি ড্রোন। এর আগে শনিবার ভোরে গাজা সিটির পূর্বে আল-তুফতাহ এলাকায় সামরিক নিয়ন্ত্রিত অঞ্চলের কাছের জনশূন্য বাড়িতে বিস্ফোরক বাক্স ফেলে ইসরায়েলি ড্রোন।

স্থানীয় সূত্রে জানা যায়, ড্রোন তৎপরতার পাশাপাশি আশপাশের এলাকায় অবস্থানরত সামরিক বাহনগুলো থেকেও ভারী গোলাবর্ষণ করা হয়। এছাড়া গাজা সিটির উপকূলীয় এলাকায় গোলা ও গুলিবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধজাহাজ, তবে নৌবাহিনীর এই গোলার আঘাতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি লঙ্ঘনের ঘটনাগুলোতে ১ হাজার ৫৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ হাজার ৫৫৯ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যুদ্ধের কারণে উপত্যকাটির বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে প্রায় ৯০ শতাংশ স্থাপনার ওপর।

banner
Link copied!