শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি নির্বাচন ফলাফল

ইসরায়েলি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা মেলেনি নেতানিয়াহু ও বিরোধী শিবিরের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ৩০, ২০২৬, ০৭:৩০ এএম

ইসরায়েলি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা মেলেনি নেতানিয়াহু ও বিরোধী শিবিরের

ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগণনা শেষ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত প্রাথমিক ফলাফলের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা বিরোধী শিবির কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

দৈনিক হারেৎজ জানিয়েছে, গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটের ৯৯ শতাংশের বেশি গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ সদস্যের নেসেটে ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবির পেয়েছে ৪৮টি আসন। এ ছাড়া আরব দলগুলোর জোট পেয়েছে মোট ১৯টি আসন।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি প্রধান দুই রাজনৈতিক পক্ষই। আগামী বুধবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে, ফলে বর্তমান সংখ্যায় কিছু পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার পর এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম নির্বাচন। এই ভোট নেতানিয়াহুর নেতৃত্বের ওপর একটি গণভোট হিসেবে কাজ করেছে।

সম্ভাব্য জোট গঠনের উপায় নিয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন বিরোধী নেতারা। ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট নতুন সরকার গঠনের পথ দ্রুত উন্মুক্ত করতে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলানের সঙ্গেও বৈঠক করেছেন আইজেনকোট। বিরোধী জোটের একমাত্র নেতা গোলান ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোটে ওপেন থাকলেও অন্যান্য রাজনৈতিক দল এমন অংশীদারত্ব প্রত্যাখ্যান করে আসছে।

ইউনাইটেড আরব লিস্ট বা রাম দলের নেতা মানসুর আব্বাসের সঙ্গে আলাদা বৈঠক করেছেন গোলান। আরব দলগুলোর অর্জিত ১৯টি আসনের মধ্যে সাতটিতে জয় পেতে পারে এই দলটি। পরিবর্তনের ধারা আনতে এই মুহূর্তে পদক্ষেপ ও দায়িত্বশীলতা জরুরি বলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন গোলান।

ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে আইজেনকোটকে। ফিলিস্তিনি ইসরায়েলি দলগুলোর সঙ্গে কোনো অংশীদারত্বে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, অথচ আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন ছাড়া সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বিরোধী শিবির।

নেতানিয়াহুর লিকুদ পার্টি বিদেশী সহায়তায় আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচন চুরি করেছে বলে অভিযোগ তুলেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোহলবার্গ জানিয়েছেন, বিদেশি হস্তক্ষেপের গুরুতর সন্দেহ দেখা দেওয়ায় বিষয়টি তদন্তের জন্য শিন বেত নিরাপত্তা সংস্থার কাছে পাঠানো হয়েছে।

যাচাইহীন দাবির মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন আইজেনকোট। এক্স হ্যান্ডলে প্রকাশিত এক ভিডিও বার্তায় আইজেনকোট বলেছেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে।

banner
Link copied!