বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সীমান্ত নিরাপত্তা

সিরিয়ায় বিমান হামলায় বেসামরিক প্রাণহানি: যৌথ নিরাপত্তা কমিটি গঠনে সম্মত আম্মান ও দামেস্ক

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৮, ২০২৬, ০৯:০০ এএম

সিরিয়ায় বিমান হামলায় বেসামরিক প্রাণহানি: যৌথ নিরাপত্তা কমিটি গঠনে সম্মত আম্মান ও দামেস্ক

জর্ডানের বিমান হামলায় সিরিয়ার দক্ষিণে সাত বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর একটি যৌথ নিরাপত্তা কমিটি গঠন করতে সম্মত হয়েছে জর্ডান ও সিরিয়া। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গে টেলিফোনে আলাপ করেন। সাফাদি তাকে জানান, জর্ডানের আসন্ন হুমকি মোকাবিলায় মাঠপর্যায়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাইশ বা আইএস-এর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।

বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী। আম্মানের পক্ষ থেকে বলা হয়, কারাক শহরের একটি গির্জায় ভয়াবহ হামলার জেরে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

নতুন এই যৌথ কমিটি অভিযানের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় গোয়েন্দা ও নিরাপত্তা সমন্বয় জোরদার করবে এই কমিটি। সাফাদি জোর দিয়ে বলেন, সিরিয়ার জনগণের জীবন রক্ষা এবং দেশটির সার্বভৌমত্বকে সম্মান জানাতে জর্ডান বদ্ধপরিকর।

গত সোমবার দারা ও সুয়েইদা প্রদেশে জর্ডানের বিমান হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানায় সিরীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। নিহতদের মধ্যে তিনজন শিশু ও একজন নারী ছিলেন এবং তাদের পাঁচজন একই পরিবারের সদস্য। কোনো ধরনের পূর্ব সমন্বয় ছাড়াই এই হামলা চালানোকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানায় দামেস্ক।

জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি মঙ্গলবার জানান, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে ওই হামলায় দাইশের বিশের বেশি সদস্য নিহত এবং একটি বড় অস্ত্রাগার ধ্বংস হয়েছে। বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়াতে জর্ডান সব ধরনের সতর্কতা অবলম্বন করেছিল এবং প্রাণহানির ঘটনা তদন্তে সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলে জানান তিনি।

দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা এবং আলোচনার মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন সাফাদি ও আল-শাইবানিম। সন্ত্রাসবাদ এবং আন্তঃসীমান্ত মাদক ও অস্ত্র চোরাচালানের মতো অভিন্ন হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন দুই মন্ত্রী।

সাফাদি পুনর্ব্যক্ত করেন যে জর্ডান সিরিয়ার নিরাপত্তাকে নিজেদের জাতীয় নিরাপত্তারই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সীমান্ত ঘটনা রোধ করার ওপর গুরুত্বারোপ করেন দুই মন্ত্রী।

এর আগে গত শুক্রবার সেন্ট জর্জ গ্রিক অর্থেোডক্স গির্জায় হামলার ঘটনা ঘটেছিল। জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের হামুদ গ্রামে একটি জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর বন্দুকধারীরা গুলিবর্ষণ করলে ৯ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হন।

গত সোমবার কারাকে গোলাগুলির পর তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জর্ডানের নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিরা দুই ভাই ও তাদের এক ভায়রা ভাই এবং অভিযানের সময় তারা সবাই আহত হন। গির্জায় এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার না করলেও হামলাকারীদের সঙ্গে আন্তঃসীমান্তের জঙ্গিদের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে জর্ডানি কর্তৃপক্ষ।

সোমবারের বিমান হামলাকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনার জেরে জর্ডানের সঙ্গে নাসিব সীমান্ত পারাপার সাময়িকভাবে বন্ধ করে দেয় সিরীয় কর্তৃপক্ষ। এই সীমান্ত পথটি দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক ও যাতায়াত রুট।

banner
Link copied!