যুক্তরাষ্ট্রে ওবামাকেয়ার স্বাস্থ্য বীমা ব্যবস্থার আওতায় অতিরিক্ত অর্থ কেটে নেওয়ার অভিযোগে প্রায় দশ লাখ নাগরিককে পাঁচশত ডলার করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি নথিতে হোয়াইট হাউস জানিয়েছে, আগামী অক্টোবর মাস থেকে ত্রিশটি অঙ্গরাজ্যের নির্দিষ্ট গ্রাহকদের ঠিকানায় সরাসরি চেকের মাধ্যমে এই অর্থ পাঠানো হবে।
সংশ্লিষ্টদের অভিযোগ, পূর্ববর্তী জো বাইডেন প্রশাসনের সময়ে অতিরিক্ত ফি আদায় করা হয়েছিল।
হোয়াইট হাউসের তথ্য বিবরণী অনুসারে, যেসকল নাগরিক ফেডারেল স্বাস্থ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে সরাসরি বীমা কিনেছেন এবং কোনো সরকারি আর্থিক ভর্তুকি পাননি, কেবল তারাই এই অর্থ ফেরতের আওতাভুক্ত হবেন। কর্মকর্তাদের দাবি, পূর্ববর্তী প্রশাসনের নীতিমালার কারণে সাধারণ বীমা গ্রাহকদের ওপর অতিরিক্ত প্রশাসনিক ফি চাপানো হয়েছিল, যা থেকে বিশাল তহবিল উদ্বৃত্ত তৈরি হয়। তবে সেই উদ্বৃত্ত অর্থের প্রকৃত পরিমাণ কিংবা ভবিষ্যতে বীমার প্রিমিয়াম কমানো হবে কিনা, তা সরকারি বিবৃতিতে পরিষ্কার করা হয়নি।
যে বিষয়টি সামনে আসছে তা হলো স্বাস্থ্যসেবা ব্যয়ের তীব্র চাপ।
ফ্লোরিডা, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, মিশিগান ও উইসকনসিনসহ ত্রিশটি অঙ্গরাজ্যের নাগরিকরা এই রিফান্ড পাবেন বলে জানানো হয়েছে। রিপাবলিকান প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপকে সাধারণ পরিবারের ওপর আর্থিক বোঝা লাঘবের প্রচেষ্টা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বর নির্বাচনের পর রিপাবলিকানরা কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ পেলে প্রাপ্তবয়স্ক নাগরিকদের পাঁচ হাজার ডলার পর্যন্ত অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
উম্মাহকণ্ঠ ডট কম অনুসন্ধান করে দেখেছে, ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর মেডিকেড এবং ওবামাকেয়ার এক্সচেঞ্জ থেকে প্রায় আশি লাখ মানুষের অন্তর্ভুক্তি কমে গেছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই ব্যবস্থার প্রতিরক্ষা করে দাবি করেছেন যে ওবামাকেয়ার কোটি মানুষের চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করেছে এবং যেকোনো পরিবর্তন সাধারণ মানুষের ঝুঁকি বাড়াবে। সর্বশেষ যাচাইকৃত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত এই অর্থ পাঠানোর ক্ষেত্রে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে কিনা তা নিয়ে আইনগত বিতর্ক শুরু হয়েছে।
