দেশের বাইরে ডেটা সেন্টার স্থাপন করতে চাওয়া মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আর্থিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বিদেশমুখী না হয়ে নিজেদের সীমানার ভেতরে অবকাঠামো বিনিয়োগের আহ্বান জানান।
ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে যুক্তরাষ্ট্রীয় কোনো কোম্পানিকে দেশের বাইরে ডেটা সেন্টার বানানোর অনুমতি দেওয়া হবে না।
বিদেশি প্রকল্পে আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর বিশাল কর আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রশাসন।
তিনি যুক্তি দেন যে বিদেশে এ ধরনের স্থাপনা তৈরি করলে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কম্পিউটিং অবকাঠামোতে প্রবেশাধিকার পেয়ে যেতে পারে।
এমন পরিস্থিতি শেষ পর্যন্ত মার্কিন প্রযুক্তিগত প্রতিযোগিতাকে দুর্বল করে তুলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
চীন যেন এই সুযোগ নিতে না পারে, সেজন্য অন্য কোনো দেশে ডেটা সেন্টার তৈরি করতে দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
এই নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করা কর্পোরেশনগুলোর বিরুদ্ধে সরকার কড়া জরিমানা আরোপ করবে বলেও তিনি যোগ করেন।
উদাহরণ হিসেবে তিনি জানান যে ফিনল্যান্ডে একটি ডেটা সেন্টার বানানোর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
আসন্ন ৩ নভেম্বর অনুষ্ঠব্য মধ্যবর্তী নির্বাচনের আগে এই সতর্কবার্তা এল।
বক্তব্যে তিনি দেশের ভেতরের ডেটা সেন্টারগুলোর অর্থনৈতিক সুবিধার কথা জোরালোভাবে তুলে ধরেন।
এরই মধ্যে ডেমোক্রেট দলের বেশ কয়েকজন রাজনীতিক নতুন নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে ভোটারদের ক্রমবর্ধমান বিরোধিতাকে কাজে লাগানোর চেষ্টা করছেন।
বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের স্থাপনা নির্মাণের বিষয়ে তারা আরও কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছেন।
