সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তীব্র গরমে পুড়ছে তেলেঙ্গানা, হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৬:২৫ পিএম

তীব্র গরমে পুড়ছে তেলেঙ্গানা, হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় তীব্র তাপপ্রবাহ চলছে। বিপজ্জনক মাত্রায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাজ্যের অন্তত সাতটি জেলায় হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। তবে বেসরকারি তথ্যমতে এ সংখ্যা আরও বেশি।রোববার রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডির সভাপতিত্বে এক পর্যালোচনা সভায় এই তথ্য উঠে আসে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে জয়শঙ্কর ভূপালপল্লী জেলায় চারজন, ওয়ারাঙ্গল আরবান, করিমনগর ও নিজামাবাদে তিনজন করে মারা গেছেন। এছাড়া জোগুলাম্বা গাড়ওয়াল, রাঙ্গারেড্ডি ও সূর্যপেটে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বয়স্ক এবং আগে থেকেই অসুস্থ ব্যক্তিরা হিটস্ট্রোকে বেশি আক্রান্ত হচ্ছেন। সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

তেলেঙ্গানা রাজ্য উন্নয়ন পরিকল্পনা সমিতির বুলেটিন অনুযায়ী, ১৯টি জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ভদ্রাদ্রি কোঠাগুডেম ও জগতিয়াল জেলায় তাপমাত্রা ৪৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জরুরি প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

banner
Link copied!