২০১৭ সালের সামরিক অভিযানের সময় যখন দিল হোসেন ও তাঁর স্ত্রী আলিন্নেসা রাখাইন রাজ্য থেকে পালিয়েছিলেন, তখন তাঁদের কোলে ছিল সদ্য জন্ম নেওয়া কন্যা ইশারা। দিলের বয়স্ক বাবা-মা পালাতে পারেননি এবং অন্য বেশ কয়েকজন আত্মীয়ের সঙ্গে নিহত হন।
আলিন্নেসা সেই স্মৃতিচারণ করে জানান, নবজাতককে কাপড়ে বেঁধে কাদা, পাহাড় ও নদী পেরিয়ে তাঁরা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন।
প্রায় ৯ বছর পর ইশারা এখন বড় হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের একটি শরণার্থী ক্যাম্পে। তার বাবা-মা মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল, যা গত কয়েক বছর ধরে অনেক কমে গেছে এবং তাঁরা বাড়ি ফেরার সুযোগের অপেক্ষায় দিন গুনছেন।
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার রায়ের জন্য এখন আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে আছে এই পরিবার। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত আগামী বৃহস্পতিবার তাদের রায় ঘোষণা করার কথা রয়েছে।
মিয়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনী দেশটির সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে, এই অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া। ২০১৬ সালে শুরু হওয়া এবং ২০১৭ সালের আগস্টে তীব্র আকার ধারণ করা অভিযানগুলোকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হয়েছে, যেগুলোতে রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা চালানো হয়েছিল বলে গাম্বিয়া উল্লেখ করেছে।
দিল হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, আদালত সত্য উদঘাটন করবে। তাঁরা নিজেরা কষ্ট ভোগ করেছেন, তাই তাঁরা জানেন ঠিক কী ঘটেছিল এবং বিচারকরা নৃশংসতা স্বীকার করবেন বলে তাঁদের বিশ্বাস।
বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন, যার বড় অংশই রয়েছেন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে। অনেকেরই আশা, তাঁদের পক্ষে রায় এলে তা তাঁদের ওপর চালানো নিপীড়নকে স্বীকৃতি দেবে এবং নিজেদের দেশে ফিরে যাওয়ার দাবিকে আরও জোরালো করবে।
এদিকে মিয়ানমার বর্তমানে গৃহযুদ্ধে জর্জরিত এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী সামরিক জান্তাই এখনও ক্ষমতায় রয়েছে, যার অর্থ হলো নিরাপদ প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই কম। ক্যাম্পের ২৫ বছর বয়সী ত্রাণকর্মী নুরুল আমিন জানান, মিয়ানমারে তাঁর আগের জীবন এবং বর্তমান পরিস্থিতির পার্থক্য আকাশ-পাতাল।
তিনি জানান, নিজ দেশে তাঁদের বাড়িঘর, বড় গাছপালা, বাগান ও কৃষিজমি ছিল এবং তাঁরা নিজেদের খাবার নিজে ফলাতে পারতেন। কিন্তু এখানে প্রায় সবকিছুর জন্যই তাঁদের অন্যের ওপর নির্ভর করতে হয়।
আকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, সম্প্রদায়টি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে আদালত তাদের ওপর বয়ে যাওয়া নির্যাতনকে স্বীকৃতি দেবে। মিয়ানমার রোহিঙ্গাদের একটি সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে তাদের বাঙালি বলে অভিহিত করেছে এবং তাদের ওপর গণহত্যা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁরা নিজেদের চোখে গণহত্যা দেখেছেন এবং পর্যাপ্ত প্রমাণ ও সাক্ষ্য রয়েছে।
