ইন্দোনেশিয়ার পাদাংকারায়া শহরের বাসিন্দারা ঘুম থেকে চোখ খোলার আগেই বায়ুর মান যাচাই করেন। তীব্র গন্ধ ও কাশির শব্দে তাদের সকাল শুরু হয়। বোর্নিও দ্বীপে ধোঁয়ায় আকাশ কমলা বর্ণ ধারণ করেছে। ঘরের জানালা প্লাস্টিক শিট দিয়ে আটকে রাখা হয়েছে এবং অনেক পরিবার সন্ধ্যার সময় অক্সিজেন সিলিন্ডার থেকে শ্বাস নিতে বাধ্য হচ্ছে।
প্রায় তিন লাখ মানুষের শহর পাদাংকারায়া গত কয়েক মাস ধরে চারপাশের বনে ছড়িয়ে পড়া দাবানলের কবলে রয়েছে। অপ্রি দোনা ইউসমেলিতা তার পাঁচ মাস বয়সী ছেলে অারেস আলেকজান্ডারকে নিয়ে ফ্লোরে বসে আছেন এবং তাকে নেবুলাইজারের মাধ্যমে ফুসফুসে ওষুধ নেওয়ার উৎসাহ দিচ্ছেন। এই দূষণের কারণে শিশুটির জীবনের সিংহভাগ সময়ই অসুস্থতায় কেটেছে।
ইউসমেলিতা জানান, কাশির সঙ্গে কফ থাকায় শিশুটি প্রায়ই বমি করে ফেলে। তিনি উল্লেখ করেন যে, শিশুটি ক্রমাগত অসুস্থ থাকা এবং যা খাচ্ছে তাই বমি করে ফেলায় তার শরীরের কাঙ্ক্ষিত ওজন বাড়ছে না। তার চার বছরের আরেকটি সন্তানও রয়েছে।
গত জুলাই মাসে দাবানল শুরু হওয়ার পর থেকে ২৭ বছর বয়সী এই মা তার সন্তানদের নিয়মিত এয়ার পিউরিফায়ারযুক্ত একটি বেডরুমে বন্দি করে রাখছেন। তাদের ব্যস্ত রাখতে তিনি ঘরটিতে টেলিভিশন নিয়ে এসেছেন। তবে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দিনগুলোকে দীর্ঘ করে তুলেছে এবং ধোঁয়াযুক্ত বাতাস ঘরের অন্যান্য অংশে প্রবেশ করছে।
তিনি জানান, শিশুদের ফুসফুস বড়দের মতো নয় বলে তাদের খাওয়ার কাজও বেডরুমের ভেতরেই সারতে হয়। গত চার মাসে তার পরিবার তাদের সময়ের প্রায় অর্ধেকটা ওই একটি ঘরের ভেতরে কাটিয়েছে। তার মা যখন সন্তানদের বাইরে খেলতে নিয়ে যান, তখন সঙ্গে সঙ্গেই তাদের শারীরিক লক্ষণগুলো আবার বেড়ে যায়।
প্রতি বছরের দাবানল এখন জীবনের একটি পরিচিত অংশে পরিণত হয়েছে। পাম অয়েলের মতো ফসলের জন্য জমি পরিষ্কার করতে স্লাশ অ্যান্ড বার্ন বা পুড়িয়ে জমি প্রস্তুতের পদ্ধতির মাধ্যমে প্রায়ই ইচ্ছাকৃতভাবে এসব আগুন লাগানো হয়। বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদক দেশ ইন্দোনেশিয়ায় এল নিনো আবহাওয়ার কারণে এ বছর পরিস্থিতি অত্যন্ত মারাত্মক রূপ নিয়েছে এবং দেশটির প্রায় ২০ লাখ হেক্টর বন ও পিটভূমি পুড়ে গেছে।
কর্তৃপক্ষ এই বিশাল মাত্রার বিপর্যয় সামাল দিতে ব্যর্থ হওয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবীরা বায়ু দূষণ পর্যবেক্ষণ ও বিশুদ্ধ বাতাসের নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরিতে এগিয়ে এসেছেন। স্থানীয় আদিবাসী সংস্থা রানু ভেলুম ফাউন্ডেশন এয়ার পিউরিফায়ার, অক্সিজেন সিলিন্ডার এবং নেবুলাইজার সংবলিত ধোঁয়াবিরোধী আশ্রয়কেন্দ্রের জন্য তহবিল সংগ্রহ করেছে।
সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা রোরো আরদ্যা গারিনি জানান, শিশু ও প্রবীণদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ১৪টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। তারা কেবল বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার জন্যই সেখানে আসেন। তিনি উল্লেখ করেন যে, যে ভবনগুলোর দেয়াল পাকা ও বায়ু নিরোধক এবং বায়ু চলাচলের ব্যবস্থা কম, সেগুলোই সবচেয়ে ভালো কাজ করছে।
এই আশ্রয়কেন্দ্রগুলো হাসপাতালের বিকল্প নয় এবং স্বেচ্ছাসেবীদের মাঝে মাঝে মানুষকে ফিরিয়ে দিতে হয়। গারিনি এমন একটি ঘটনার কথা স্মরণ করেন যখন তীব্র অক্সিজেন ঘাটতির কারণে নীলবর্ণ হয়ে যাওয়া একটি শিশুকে সেখানে আনা হলে দ্রুত তাকে জরুরি বিভাগে পাঠানো হয়। স্বেচ্ছাসেবক দল জেপিআইসি কালিম্পান্নার পরিচালিত আরেকটি আশ্রয়কেন্দ্রে সাবরিনা আলফিয়ানা অন্য শিশুদের সঙ্গে তার চার বছরের ছেলেকে নেবুলাইজার থেকে বাষ্প গ্রহণ করাতে তদারকি করছিলেন।
২৬ বছর বয়সী আলফিয়ানা জানান, তার বাড়ি সিলগালা করে রাখলেও ধোঁয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়নি। ফাঁকফোকর বা জানালা দিয়ে ধোঁয়া ভেতরে ঢুকে পড়ে এবং তা অনুভব করা যায়। এমনকি বেডরুমের ভেতরেও তারা ধোঁয়ার গন্ধ পান বলে জানান তিনি।
