সোমবার তুরস্কের মাটিতে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন সিওপি৩১। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা, সরকারি মন্ত্রীরা, জলবায়ু আলোচকরা, বিজ্ঞানীরা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এবারের সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন এতে আলোচনার নেতৃত্ব দেবেন।
সম্মেলনের অংশ হিসেবে আগামী ১১ ও ১২ নভেম্বর একটি বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা এই বৈঠকের জন্য ভবিষ্যৎ জলবায়ু সম্মেলন এবং বাস্তবায়নমূলক জলবায়ু সম্মেলন এই স্লোগান নির্ধারণ করেছেন।
আগের জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে দৃশ্যমান ও বাস্তব ফলাফলে রূপ দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
সভাপতিত্বের কর্মপরিকল্পনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর, বিদ্যুৎায়ন, শূন্য বর্জ্য নীতি, মিথেন গ্যাস হ্রাস এবং জলবায়ু সহনশীল শহর গড়ে তোলা।
অন্যান্য প্রধান ইস্যুগুলোর মধ্যে রয়েছে সবুজ শিল্পায়ন, খাদ্য নিরাপত্তা এবং মহাসাগর ও সমুদ্রের সুরক্ষা।
পাশাপাশি তরুণ প্রজন্ম ও শিক্ষা, সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা এবং জীববৈচিত্র্য রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভাপতিত্বের পক্ষ থেকে ২০৩৫ সালের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।
এছাড়াও ভবনগুলোতে শক্তির ব্যবহার অন্তত ২৫ শতাংশ কমানো এবং বৃত্তাকার উপাদান ব্যবহারের হার অন্তত ১৫ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে।
তবে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন নিয়ে আলোচকদের মধ্যে এখনো মতপভেদ রয়েছে।
গত সিওপি৩০ সম্মেলনে কোনো রূপরেখা চূড়ান্ত না হওয়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার গতি ত্বরান্বিত করার প্রচেষ্টা নিয়ে বিভক্তি বজায় রয়েছে।
সম্মেলনের আগে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি তাদের ২০২৬ সালের নির্গমন ব্যবধান প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলো তাদের বর্তমান প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন করলেও এই শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা প্রায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
এই তাপমাত্রা প্যারিস চুক্তির নির্ধারিত লক্ষ্যের চেয়ে অনেক বেশি।
প্রতিবেদনে আরও প্রাক্কলন করা হয়েছে যে উন্নয়নশীল দেশগুলোর ২০৩৫ সালের মধ্যে জলবায়ু অভিযোজনের জন্য প্রতি বছর প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
২০২৪ সালে আন্তর্জাতিক গণঅর্থায়নের পরিমাণ ছিল মাত্র ২৮ দশমিক ২ বিলিয়ন থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
ভয়াবহ বন্যা, প্রাণঘাতী দাবদাহ এবং দীর্ঘস্থায়ী খরায় ভরা একটি বছর পার হওয়ার পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এই চরম প্রাকৃতিক দুর্যোগগুলো দ্রুত কার্বন নিঃসরণ কমানো এবং বৃহত্তর আর্থিক সহায়তার আন্তর্জাতিক দাবি আরও জোরালো করে তুলেছে।
