বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কীটনাশকের বিষক্রিয়া

ব্রাজিলে ইউরোপীয় কোম্পানির কীটনাশকে হাজারো মানুষের বিষক্রিয়া: তদন্তে চাঞ্চল্য

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৭, ২০২৬, ০১:৩০ পিএম

ব্রাজিলে ইউরোপীয় কোম্পানির কীটনাশকে হাজারো মানুষের বিষক্রিয়া: তদন্তে চাঞ্চল্য

প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর ব্রাজিলে ১ হাজার ৬০০টির বেশি বিষক্রিয়ার ঘটনায় ইউরোপীয় রাসায়নিক কোম্পানির বিক্রি করা কীটনাশকের নাম এসেছে। ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বিশ্লেষণে দেখা গেছে, এসব ঘটনার প্রায় এক-তৃতীয়াংশের সঙ্গে এমন সব কৃষি রাসায়নিক জড়িত, যা মানুষ ও পরিবেশের জন্য মারাত্মক ঝূঁকির কারণে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ব্যবহার নিষিদ্ধ।

ইউরোপীয় আইন অনুযায়ী দেশীয় বাজারে এসব পদার্থের ব্যবহার নিষিদ্ধ হলেও কোম্পানিগুলো এমন সব দেশে রপ্তানির জন্য এগুলো উৎপাদন করতে পারে, যেখানকার আইন তুলনামূলক শিথিল। গত মঙ্গলবার আনআর্থ ও পাবলিক আইয়ের সাংবাদিকরা এই গবেষণার ফল প্রকাশ করেন। এতে দেখা যায়, চিহ্নিত পণ্যের নাম থাকা ২ হাজার ৮৫৭টি বিষক্রিয়া প্রতিবেদনের মধ্যে ১ হাজার ৬০০টিরও বেশি ক্ষেত্রে ইউরোপীয় প্রতিষ্ঠানের বিক্রি করা ব্র্যান্ডের সংশ্লিষ্টতা রয়েছে।

ব্রাজিলের আইন অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের সব সন্দেহভাজন কীটনাশকের বিষক্রিয়ার ঘটনায় প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। চিকিৎসকরা এসব ঘটনাকে নিশ্চিত বিষক্রিয়া বা সংস্পর্শ হিসেবে শ্রেণিবদ্ধ করেন। তবে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়ার ঘটনা বিরল এবং চিকিৎসকরা মূলত ক্লিনিকাল অভিজ্ঞতার ওপর নির্ভর করে থাকেন। রিও গ্রান্দে দো সুল অঞ্চলের জনস্বাস্থ্য জীববিজ্ঞানী ভান্দা গারিভোত্তি জানান, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং উচ্চ কর্মী পরিবর্তনের হারের কারণে স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে রোগ নির্ণয় করতে নানা বাধার মুখে পড়েন।

রাসায়নিকগুলো নাড়াচাড়া করার পর খামারের শ্রমিকরা তীব্র উপসর্গ অনুভব করার কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বমি, ত্বকে জ্বালাপোড়া এবং মাংস পচে যাওয়া। ইউরোপীয় কোম্পানির বিক্রি করা পণ্যের সঙ্গে যুক্ত ৩২টি মৃত্যুর ঘটনা এই অনুসন্ধানে নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৩১টি নিশ্চিত বিষক্রিয়া এবং ২৬টি আত্মহত্যার ঘটনা রয়েছে। তবে প্রতিবেদনে কোনো ব্র্যান্ডের নাম থাকা মানেই এই নিশ্চিত প্রমাণ নয় যে নির্দিষ্ট ওই পণ্যটিই আঘাত বা মৃত্যুর কারণ হয়েছে।

তথ্য-উপাত্তে ব্রিটিশ উৎপাদিত পণ্যগুলোর নাম জোরালোভাবে উঠে এসেছে। ডাইকোয়াটযুক্ত আগাছানাশক রেগলন ছিল যুক্তরাজ্যে তৈরি সবচেয়ে বেশি উল্লেখিত রাসায়নিক। এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য উচ্চ ঝুঁকির কারণ হিসেবে বিশেষজ্ঞরা মত দেওয়ার পর ২০২০ সালে যুক্তরাজ্য এই পদার্থটি নিষিদ্ধ করে। তবে সিঞ্জেন্টা ব্রাজিলের মতো রপ্তানি বাজারের জন্য হাডার্সফিল্ডের কারখানায় এখনো রেগলন উৎপাদন অব্যাহত রেখেছে।

পরিবারের খামারে ভুলবশত রেগলন পান করার পর গত বছর রিও গ্রান্দে দো সুল অঞ্চলে মারা যান নেলসন কাস্তোলদি। তীব্র রোদে কাজ করার সময় পাইকারি পরিবহনের খরচ বাঁচাতে রাসায়নিকটি কোলার খালি বোতলে ঢেলে রাখা হয়েছিল। ফলে পানীয় মনে করে তিনি সেটি মুখে নেন। তাৎক্ষণিকভাবে ফেলে দিলেও এই পদার্থটি তার কিডনি ও ফুসফুসের মারাত্মক ক্ষতি করে এবং দুই দিন পর তার মৃত্যু হয়।

তার ছেলে ইভান কাস্তোলদি গবেষকদের জানান, এই ট্র্যাজেডির পর তাদের পুরো পরিবার ভেঙে পড়ে। তিনি আরও জানান, স্ট্রোকের শিকার হয়ে চার মাস পর তার মাও মারা যান। রেগলন বিষটি ব্রাজিলে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের পরিবারের সঙ্গে যা ঘটেছে তার জন্য নয়, বরং এর বিষাক্ততার মাত্রার কারণে এটি বন্ধ হওয়া দরকার। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয় ডাইকোয়াটসংক্রান্ত ৭৫টি ঘটনা রেকর্ড করেছে।

স্বাস্থ্য রেকর্ডে জার্মানিতে উৎপাদিত রাসায়নিকগুলোর নামও প্রায়শই এসেছে। সায়ানামাইডযুক্ত ডারমেক্স ১৭টি নিশ্চিত বিষক্রিয়ার ঘটনার সঙ্গে জড়িত ছিল। কৃষি শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ইইউ ২০০৮ সালে সায়ানামাইড নিষিদ্ধ করে। স্প্রে করার পাত্রে তরল ভরার সময় ডারমেক্সের একটি কনটেইনার পায়ে পড়ে সিদনেই সৌজা দে অলিভিয়েরা মারাত্মকভাবে আহত হন।

চিকিৎসা নেওয়ার আগে অলিভিয়েরা আরও চার দিন কাজ চালিয়ে যান। তিনি জানান, ১৫ দিন পর তার পা কালো হয়ে গিয়েছিল এবং মাংসের টুকরো খসে খসে পড়ছিল। আঘাত যেন হাড়ের দিকে ছড়িয়ে না পড়ে, সেজন্য চিকিৎসকদের মৃত টিস্যু কেটে বাদ দিতে হয়েছিল। তিনি যোগ করেন, তার নিয়োগকর্তা তাকে যে পাতলা সুরক্ষামূলক প্যান্ট দিয়েছিলেন, রাসায়নিকটি তা ভেদ করে ভেতরে চলে গিয়েছিল।

প্রতিবেদনে চিহ্নিত অন্যান্য ইউরোপীয় পণ্যের মধ্যে রয়েছে গ্লুফোিনেটযুক্ত ফাইনাল, যা ২০১৮ সালে ইইউতে নিষিদ্ধ করা হয়। এ ছাড়া বেয়ারের উৎপাদিত গ্লাইফোসেট আগাছানাশক রাউন্ডআপও ব্রাজিলের বিষক্রিয়ার প্রতিবেদনে বারবার এসেছে, যার সঙ্গে ১২টি মৃত্যুর ঘটনা জড়িত।

banner
Link copied!