ইউক্রেনীয় বাহিনী প্রথমবারের মতো একজন ইন্দোনেশিয়ান নাগরিককে যুদ্ধবন্দি হিসেবে আটক করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় রাশিয়ার পক্ষ থেকে সামরিক নিয়োগ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা সামনে এল।
আটক ওই ব্যক্তির বয়স ৪৯ বছর এবং তার আদি বাড়ি জাভায়। রাশিয়ার একটি আক্রমণাত্মক অভিযানে অংশ নিতে তাকে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল।
রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত আই ওয়ান্ট টু লিভ প্রকল্পের তথ্য অনুযায়ী, তার হামলাকারী দলটি একটি ড্রোন হামলার মুখে পড়ে। ওই হামলার পর তিনি ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় পৌঁছে যান এবং আত্মসমর্পণ করেন।
আই ওয়ান্ট টু লিভ প্রকল্প জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে প্রায় ২৮৩ জন ইন্দোনেশিয়ান নাগরিককে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এর আগের তিন বছরে ইন্দোনেশিয়া থেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা ১০ জনের বেশি ছিল না।
মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। সংঘাত দীর্ঘায়িত হওয়ার কারণে নিজেদের সামরিক তৎপরতা টিকিয়ে রাখতে রুশ কর্তৃপক্ষ ক্রমান্বয়ে বিদেশি নাগরিকদের ওপর নির্ভরতা বাড়াচ্ছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে কেনিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জানায় যে এক হাজারের বেশি কেনিয়ান নাগরিককে রুশ বাহিনীতে যোগদানের প্রলোভন দেখানো হয়েছে। এছাড়া উগান্ডা ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন আফ্রিকান দেশের বিদেশি যোদ্ধারাও যুদ্ধক্ষেত্রে আকর্ষিত হচ্ছেন।
গত অক্টোবরে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে এক ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যুর খবর প্রকাশের পর জাকার্তা চলতি মাসেই মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে কোনো ইন্দোনেশিয়ান নাগরিককে তাদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা না হয়।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভন মেওয়েনকাং এই বিষয়টি নিয়ে কথা বলেন। ইন্দোনেশিয়ান সরকার রুশ সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে, যেন কোনো ইন্দোনেশিয়ান নাগরিককে রুশ সামরিক বাহিনীতে কিংবা রাশিয়ার অন্য কোনো সামরিক সম্পৃক্ততার পদে কোনোভাবেই নিয়োগ না দেওয়া হয় সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়।
মেওয়েনকাং জানান, মানব পাচারের শামিল হতে পারে এমন নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। পরবর্তীতে ইন্দোনেশিয়ান পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে নাগরিকদের টার্গেটকারী একটি মানব পাচার চক্রের সন্ধান পায়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে রসদ সরবরাহ, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা নির্মাণকাজে লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দেওয়া হতো। পুলিশ জানিয়েছে, রাশিয়ায় পৌঁছানোর পর আবেদনকারীদের ভাড়াটে সেনা হিসেবে চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হতো এবং সরাসরি সংঘাতপূর্ণ অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো।
ইউক্রেনের যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদর দপ্তর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আই ওয়ান্ট টু লিভ উদ্যোগটি চালু করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় এই কর্মসূচিটি সক্রিয় সেনা এবং বিদেশি নিয়োগপ্রাপ্তদের নিরাপদে আত্মসমর্পণ করতে ও যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে সহায়তা করে।
