দখলকৃত পশ্চিম তীরে ১১ জন বিদেশি কর্মীকে আটক এবং অপর ১২ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়কারী মোহাম্মদ মাতার।
মাসাফের ইত্তার আল বাওয়াবের এলাকায় এই আটকের ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির নাগরিকরা রয়েছেন।
এর বাইরে রামাল্লার পশ্চিমে অবস্থিত কাফুর নিয়মা গ্রাম থেকে আরও ১২ জন আন্তর্জাতিক কর্মীকে ফেরত পাঠানো হয়। এই দলে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও ইতালির নাগরিকরা ছিলেন।
ইসরায়েলি এসব পদক্ষেপে ইতালীয় সাংবাদিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি নির্দিষ্ট করা না হলেও বেশ কয়েকজন ফিলিস্তিানি কৃষক ও স্থানীয় বাসিন্দাকেও আটক করা হয়।
এই পদক্ষেপগুলো মূলত ফাজাহ অভিযানের অংশ অংশগ্রহণকারীদের লক্ষ্য করে চালানো হয়েছে। এটি একটি ফিলিস্তিানি স্বেচ্ছাসেবী উদ্যোগ, যা দখলকৃত পশ্চিম তীরের কৃষক ও স্থানীয় সম্প্রদায়গুলোকে সহায়তা দিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের একত্র করে।
গত সেপ্টেম্বরের ২৮ তারিখে শুরু হওয়া এই অভিযানটি চার মাসের প্রস্তুতি শেষে নভেম্বর মাস পর্যন্ত চলার কথা রয়েছে। মোহাম্মদ মাতার জানান, কূটনীতিকসহ প্রায় ৮০০ বিদেশি কর্মী এর কার্যক্রমে অংশ নিয়েছেন।
কৃষি জমিতে পৌঁছানো এবং হামলার শিকার ফিলিস্তিানি কৃষকদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। মাতার উল্লেখ করেন, নানা ধরনের বাধা সত্ত্বেও এই অভিযান তাদের কৌশলগত লক্ষ্যের প্রায় ৭০ শতাংশ অর্জন করতে পেরেছে।
ইসরায়েলি বাহিনীর নানা কড়াকড়ি এবং দখলদারদের হামলা ছিল এই যাত্রার প্রধান বাধা। কৃষকদের জমিতে যাওয়ার ভয়, পুরো পশ্চিম তীরে চলাচলের নিষেধাজ্ঞা এবং কর্মীদের যাতায়াতের সমস্যার কথা তুলে ধরেন মাতার।
স্বেচ্ছাসেবকরা সাধারণত দুই সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত এই কার্যক্রমে অংশ নেন। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের পাশে দাঁড়ানো, বেসামরিক সুরক্ষা প্রদান এবং জর্দান উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন বা আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে তারা সহায়তা করে থাকেন।
মাতার জানান, বিদেশি কর্মীদের উপস্থিতি মাঝেমধ্যে হামলার মাত্রা কমিয়ে দিলেও তা স্থায়ী কোনো সুরক্ষা দিতে পারে না।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের নাগরিকদের ফেরত পাঠানো হলেও তারা বিদেশে নিজ দেশের মানুষের কাছে এখানকার অভিজ্ঞতা তুলে ধরা থেকে বিরত থাকেন না, যাকে তিনি জনমতভিত্তিক কূটনীতি বলে আখ্যায়িত করেন।
মাতারের মতে, কর্মী ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর উদ্দেশ্য হলো ফিলিস্তিানি সমাজকে কোণঠাসা করা এবং বাস্তব চিত্র আড়াল করা। মাঠপর্যায়ের এসব তথ্য ফিলিস্তিানিদের ওপর চলা নির্যাতনের প্রকৃত রূপ প্রকাশ করে, যা কৃষকদের জলপাই সংগ্রহে সহায়তা করার ইসরায়েলি প্রচারণামূলক ভিডিওর সম্পূর্ণ বিপরীত।
জলপাই সংগ্রহ মৌসুমকে কেন্দ্র করে পশ্চিম তীরে হামলা বৃদ্ধির সময়েই এই আটকের ঘটনা ঘটল। ফিলিস্তিন কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, গত অক্টোবরে ৩ হাজার ১৩৩টি হামলার ঘটনা ঘটেছে, যা আগের মাসের তুলনায় ৫২ দশমিক ৮ শতাংশ বেশি।
