মিলিশিয়ার হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী জাতিসংঘের এক কর্মীর মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন বিশ্ব সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা। হুথি আন্দোলনের প্রধান আলোচকের সঙ্গে বৈঠকে এই দাবি তোলা হয়।
গত ৮ থেকে ১০ নভেম্বর ওমানের রাজধানী মাস্কাট সফর করেন জাতিসংঘের আঞ্চলিক যোগাযোগ বিভাগের প্রধান মুইন শ্রেইম। তিনি নির্বিচারে আটক কর্মীদের মুক্তির বিষয়ে হুথি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন।
জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানান, ইয়েমেনে হুথি কর্তৃপক্ষের হাতে নির্বিচারে আটক জাতিসংঘের কর্মীদের মুক্ত করতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়।
সফরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে কর্মরত ইয়েমেনি নাগরিক মোহাম্মদ আল শামির কারাবন্দি অবস্থায় মৃত্যুর বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন শ্রেইম। তিনি এই ঘটনার একটি স্বাধীন, স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেন।
একই সঙ্গে আটক সব কর্মীকে অবিলম্বে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিতে মিলিশিয়াদের প্রতি আহ্বান জানান জাতিসংঘের দূত। তিনি নিয়মিত যোগাযোগের পথ উন্মুক্ত রাখার ওপর জোর দেন।
সব বন্দির নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য চেয়েছেন শ্রেইম। বিশেষ করে গুরুতর অসুস্থ বন্দিদের ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিশেষ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি। পাশাপাশি যাদের স্বাস্থ্য দ্রুত মনোযোগের দাবি রাখে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বিচারে আটক প্রতিটি কর্মী মুক্তি না পাওয়া পর্যন্ত জাতিসংঘ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে বলে জানান শ্রেইম।
২০২৪ সালের ৬ জুন থেকে মোহাম্মদ আল শামি হুথি হেফাজতে বন্দি ছিলেন। গত ৩১ অক্টোবর জাতিসংঘ তার মৃত্যুর খবর প্রকাশ করে। জানানো হয় যে ঘটনার এক মাসেরও বেশি সময় আগে তিনি মারা গেছেন, যদিও তার পরিবার বিষয়টি দেরিতে জানতে পেরেছে।
জাতিসংঘের ভাষ্যমতে, বন্দিদশায় আল শামির সুস্থতা সম্পর্কে কোনো তথ্য দেয়নি মিলিশিয়ারা, এমনকি জীবিত থাকার কোনো প্রমাণ বা মৃত্যুর কারণ কিংবা সুনির্দিষ্ট তারিখও জানায়নি। ইয়েমেনের এক সরকারি মন্ত্রীর অভিযোগ, হুথি শিবিরের ভেতর নির্যাতনের শিকার হয়ে আল শামির মৃত্যু হয়েছে।
আল শামির মরদেহ দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে জাতিসংঘ। হুথি হেফাজতে মারা যাওয়া দ্বিতীয় জাতিসংঘ কর্মী হলেন আল শামি। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব খাদ্য কর্মসূচির এক কর্মী প্রাণ হারান।
বর্তমানে জাতিসংঘের প্রায় ৭০ জন কর্মী, সাবেক কর্মী এবং বিভিন্ন সুশীল সমাজ ও সাহায্য সংস্থার কর্মীরা হুথিদের কারাগারে বন্দি রয়েছেন। এই আটককৃত জাতিসংঘের সব কর্মীই ইয়েমেনি নাগরিক।
