বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা

স্বাস্থ্যসেবা খাতের ক্ষতিপূরণে তামাক কোম্পানির বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলার উদ্যোগ অস্ট্রেলিয়ায়

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১২, ২০২৬, ০৯:৩০ এএম

স্বাস্থ্যসেবা খাতের ক্ষতিপূরণে তামাক কোম্পানির বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলার উদ্যোগ অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার রাজ্য সরকারগুলো জনস্বাস্থ্য খাতের শত শত কোটি ডলারের চিকিৎসাব্যয় আদায়ের জন্য প্রধান তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। সাবেক ব্যারিস্টার নিল ফ্রান্সির তৈরি করা একটি আইনি প্রস্তাবের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এই পরিকল্পনাটি খতিয়ে দেখতে আনুষ্ঠানিকভাবে আইনি পরামর্শ চেয়েছে। সিডনিতে ক্লিনিক্যাল অনকোলজি সোসাইটি অব অস্ট্রেলিয়ার বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রস্তাবটির রূপরেখা উপস্থাপনের পর অন্যান্য রাজ্য সরকারও বিষয়টি পর্যালোচনা করছে।

এই প্রস্তাবের আওতায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফিলিপ মরিস ও ইম্পেরিয়াল ব্র্যান্ডস এবং তাদের বিদেশি মূল প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য সরকার যৌথভাবে একটি আইনি টাস্কফোর্স গঠনে নিজেদের সম্পদ একত্রিত করতে পারে।

ফ্রান্সি জানান, ক্ষতিপূরণ হিসেবে প্রায় পাঁচ হাজার কোটি ডলার আদায়ের জন্য ফেডারেল আদালতে মামলা করা যেতে পারে। এই অর্থ বিগত বছরগুলোর স্বাস্থ্য ব্যয় মেটানোর পাশাপাশি ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি ও প্রতিরোধমূলক কার্যক্রমে ব্যবহার করা হবে।

ভোক্তা অধিকার সুরক্ষা আইনকে হাতিয়ার করে এই আইনি কৌশল সাজানো হয়েছে। তামাক পণ্যের ক্ষতিকর দিক ও আসক্তি সম্পর্কে তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ক্রেতাদের বিভ্রান্ত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী ব্লেয়ার বয়ার জানান, এই প্রস্তাবের আইনি ভিত্তি, সাফল্যের সম্ভাবনা এবং জনকল্যাণমূলক দিকগুলো নিয়ে তারা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন। স্বাস্থ্য খাতের ওপর তামাকজনিত রোগের চাপ কমাতে এর যথেষ্ট জনগুরুত্ব রয়েছে বলে মনে করে তার সরকার।

নিউ সাউথ ওয়েলস ও কুইসল্যান্ড সরকারের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন কিংবা এর প্রণেতার সঙ্গে বৈঠক করেছেন। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা বর্তমানে কঠোর তামাক আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের ওপর বেশি জোর দিচ্ছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য কোনো আইনি দাবি নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। অন্যদিকে ফিলিপ মরিস ও ইম্পেরিয়াল ব্র্যান্ডস এ বিষয়ে গণমাধ্যমের অনুরোধে সাড়া দেয়নি।

২০০০ সাল থেকে তামাক খাতের কারণে রাষ্ট্রীয়ভাবে যে ব্যয় হয়েছে, তা আদায়ের লক্ষ্য রয়েছে এই প্রস্তাবে। ওই সময় অভ্যন্তরীণ নথিপত্র থেকে জানা যায় যে তামাক কোম্পানিগুলো আগে থেকেই ধূমপানের মারাত্মক ঝুঁকির কথা জানত এবং তা গোপন করতে একে অপরের সঙ্গে যোগসাজশ করেছিল।

ফ্রান্সি আরও জানান, ব্যক্তিগত ক্ষতির মামলাগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কারণে ক্ষতি হয়েছে তা প্রমাণ করা কঠিন হলেও ভোক্তা সুরক্ষা আইনের মাধ্যমে রাজ্যগুলো এই জটিলতা এড়িয়ে চলতে পারবে।

অস্ট্রেলিয়ান কাউন্সিল অন স্মোকিং অ্যান্ড হেলথের প্রধান নির্বাহী লরা হান্টার বলেন, তামাক কোম্পানিগুলো তাদের পণ্যের ক্ষয়ক্ষতির অর্থনৈতিক দায়ভার নেবে, এটি অত্যন্ত যৌক্তিক দাবি। এর আগে যুক্তরাষ্ট্রে এবং সম্প্রতি কানাডায় বড় তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ধরনের আইনগত পদক্ষেপের সফল দৃষ্টান্ত রয়েছে।

আইন বিশেষজ্ঞরা অবশ্য এই ধরনের মামলার জটিলতা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের আইন ও বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ জোনাথন লিবারম্যান জানান, এ ধরনের বৃহৎ পরিসরের মামলার জন্য সুনির্দিষ্ট সহায়ক আইন এবং পর্যাপ্ত সম্পদের অধিকারী আইনি প্রতিষ্ঠানের প্রয়োজন হয়।

banner
Link copied!