মঙ্গলবার ১৬তম আসিয়ান-জাতিসংঘ সম্মেলনে বক্তব্য রাখার সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ ভূমিতে প্রত্যাবাসনের জোরালো দাবি জানান।
বাধ্যতামূলক গণহারে বাস্তুচ্যুতির প্রায় এক দশক পেরিয়ে যাওয়ার পরও এই সম্প্রদায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশের অপেক্ষায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের সুরক্ষার মৌলিক দায়িত্ব রাষ্ট্রগুলোর রয়েছে বলে মন্তব্য করেন গুতেরেস।
মিয়ানমারে চলমান সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক করেন যে দেশটিতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের প্রধান।
আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়ন এবং মিয়ানমারের নিজস্ব নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান অর্জনে জাতিসংঘ তার সমর্থন অব্যাহত রাখবে।
সংকটের মূল কারণগুলো দূর করা, দেশব্যাপী সহিংসতা বন্ধ করা এবং নির্বিচারে আটক সব বন্দির তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার কথা বলেন তিনি।
মিয়ানমারের জনগণ যাতে শান্তিপূর্ণভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করার ওপরও জোর দেন গুতেরেস।
গাজা ও ইয়েমেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউক্রেন ও সুদানে শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়ে তিনি বলেন যে বিশ্ব বর্তমানে বড় ধরনের সংঘাত ও জলবায়ু সংকটের মুখোমুখি।
আসিয়ান এবং জাতিসংঘের সহযোগিতা শান্তি, নিরাপত্তা থেকে শুরু করে মানবপাচার ও অনলাইন কেলেঙ্কারি প্রতিরোধের মতো বিষয়ে বিস্তৃত রয়েছে বলে উল্লেখ করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র।
