যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতেছে ফিলিস্তিনি ইহুদি লেখক হান্না লিলিত আসাদি। প্যারাডাইসো ১৭ উপন্যাসের জন্য কথাসাহিত্য বিভাগে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। নিউইয়র্কের সিপ্রিয়ানি ওয়াল স্ট্রিটে পুরস্কার বিতরণের এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিনেতা ও লেখক কাইল ম্যাকলাচলান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং মঞ্চে গান পরিবেশন করেন গায়িকা মিশেল জৌনার।
,আসাদির তৃতীয় উপন্যাসটিতে অভিবাসীদের ওপর উচ্ছেদের মানসিক আঘাতের বিষয়টি তুলে ধরা হয়েছে। উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে এক ফিলিস্তিনি ব্যক্তিকে কেন্দ্র করে, যিনি ১৯৪৮ সালে নাকবার সময় পালিয়েছিলেন। সে সময় ইসরায়েলের হাতে সাত লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন কিংবা নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। এই উপন্যাসের অনুপ্রেরণা ছিলেন লেখকের প্রয়াত বাবা সামি আবদুল ফাত্তাহ আল আসাদি। যিনি শৈশবে পরিবারসহ নাকবা থেকে পালিয়েছিলেন এবং পরবর্তীতে ইতালিতে পড়াশোনা শেষে নিউইয়র্কে চলে যান।
,চোখে জল নিয়ে পুরস্কার গ্রহণ করার সময় আসাদি বলেন, আমার বাবার মৃত্যুশয্যা থেকে শুরু করে আজ পর্যন্ত এই যাত্রা এক সুন্দর গল্পে পরিণত হয়েছে এবং সবশেষে এখানে এসে এই পুরস্কার গ্রহণ করছি, যা অত্যন্ত বেদনাবিধুর। বিচারকেরা তাঁর লেখার নান্দনিক লিরিক বা কাব্যিকতা এবং সময় ও স্থান বিন্যাসের মুন্সিয়ানার প্রশংসা করেন। তাঁরা বইটিকে বিচ্ছেদ ও সহনশীলতার এক দূরদর্শী ও সুনিপুণ চিত্রায়ন হিসেবে অভিহিত করেছেন।
,চূড়ান্ত পর্বে মনোনীত এডউইজ দানতিকাত, জুলিয়ান দেলগাদো লোপেরা, ভালেরিয়া লুইসেলি ও মরগান থমাসকে পেছনে ফেলে ১০ হাজার ডলারের কথাসাহিত্য পুরস্কার জিতে নেন আসাদি। চলতি বছর ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের জন্য প্রকাশকেরা মোট ১ হাজার ৯১২টি বই জমা দেন। লেখক, সম্পাদক ও বই বিক্রেতাদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল বিজয়ী নির্বাচন করেন।
,নিজের প্রথম স্মৃতিকথা হুনা আ মেমোরিয়াল অব রেভোলিউশন প্রিজন অ্যান্ড বিকামিং এর জন্য ১০ হাজার ডলারের অকথাসাহিত্য পুরস্কার জেতেন মিশরীয় লেখক আবদেলরহমান এলগেন্দি। বইটিতে মিশরে তাঁর ছয় বছরের রাজনৈতিক বন্দী জীবনের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় এলগেন্দি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর সম্পাদক হেলেন থোমাইদিস পুরস্কার গ্রহণ করেন এবং লেখকের বক্তব্য পড়ে শোনান।
,লিখিত বক্তব্যে এলগেন্দি জানান, কারাগারে থাকার সময় তিনি কম্বলের নিচে লুকিয়ে পুরস্কার গ্রহণের বক্তৃতা অভ্যাস করতেন। তিনি লেখেন, নিজের অভিজ্ঞতাকে স্মৃতিকথাময় করে তোলার স্বপ্নটি পূর্ণতা পাওয়ার কথা থাকলেও এক নিপীড়ক শাসনব্যবস্থা ও ফ্যাসিবাদী মতাদর্শের কারণে তা ভেঙে চুরমার হয়ে গেছে। ইমিগ্রেশন ও ডিপোর্টেশনের কারণে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার পর দ্য নিউইয়র্ক টাইমস নাগরিকত্ব ও বাসস্থানের নিয়মকানুন নিয়ে তাঁর যোগ্যতার বিষয়ে প্রশ্ন তুলেছিল। তবে ন্যাশনাল বুক ফাউন্ডেশন বিষয়টি অস্বীকার করে এবং তাঁর বইয়ের বিষয়ে কোনো আপত্তি নেই বলে নিশ্চিত করে।
,অনূদিত সাহিত্য বিভাগের ফাইনালিস্ট সিরিয়ার সামার ইয়াজবেককেও ভিসা দেওয়া হয়নি। ন্যাশনাল বুক ফাউন্ডেশন দুটি ভিসাই অস্বীকার করার ঘটনাকে অন্যায় বলে অভিহিত করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর অবশ্য নির্দিষ্ট কোনো মামলা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তারা জানিয়েছে, প্রশাসন অভিবাসন আইন প্রয়োগ এবং ভিসা প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভ্রমণ নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং ভিসা কোনো অধিকার নয়, বরং এটি একটি বিশেষ সুযোগ।
,অন্যান্য বিভাগের মধ্যে স্টিল হাউজ ইন দ্য ডেজার্ট অ্যান ইকো কন্টেমপ্লেশন বইটির জন্য ১০ হাজার ডলারের কবিতা পুরস্কার জেতেন ব্রেন্ডা হিলম্যান। এ ছাড়া দ্য ফাইট অব আওয়ার লাইভস এইডস ইন আমেরিকা বইটির জন্য ১০ হাজার ডলারের তরুণদের সাহিত্য বিভাগ জয় করেন ডেভিড লেভিয়াথান ও গ্যাব্রিয়েল ডাকেলস।
,আমেরিকান সাহিত্যে অসামান্য অবদানের জন্য একটি পদক লাভ করেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। দ্য স্যাটানিক ভার্সেস উপন্যাসের জেরে ফতোয়ার পর লন্ডনে বছরের পর বছর পুলিশি সুরক্ষার মধ্যে কাটানোর পর মার্কিন সাহিত্য অঙ্গনে তাঁকে যেভাবে স্বাগত জানানো হয়েছিল, রুশদি সেই স্মৃতিচারণ করেন। এ ছাড়া আমেরিকান সাহিত্য কমিউনিটিতে অসামান্য সেবার জন্য শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ও লেখক পেরি ক্লাসকেও সম্মাননা জানানো হয়।
