খর্তুমে ২০২৩ সালের এপ্রিল মাসে যখন যুদ্ধ শুরু হয়, তখন মোহাম্মদ আওয়াদের বয়স ছিল ১৭ বছর। তাকে স্কুল ছাড়তে বাধ্য করা হয় এবং নিজের শহর থেকে বাস্তুচ্যুত হয়ে সংঘাত এড়াতে সে খালাতো ভাইদের সঙ্গে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায়।
সুদানের লাখ লাখ মানুষ বর্তমানে বাস্তুচ্যুত হওয়া ও হত্যাকাণ্ডের মতো একই ধরনের সংকটের মুখোমুখি রয়েছে। রাজধানীতে লড়াইয়ের প্রথম মাসগুলোতে যে চরম সহিংসতার মুখোমুখি সে হয়েছিল, তার সঙ্গে মানিয়ে নিতেই আওয়াদ মাদকের শরণাপন্ন হয়।
আওয়াদ জানায়, যুদ্ধের প্রথম মাসগুলোতে খর্তুমে সে যা দেখেছে এবং যে ভয়াবহতার ভেতর দিয়ে গেছে তা ভুলে যাওয়ার জন্যই সে মাদক নিতে শুরু করে। তার বন্ধুরা ও তার খালাতো ভাই তার চোখের সামনে নিহত হয় এবং সে এখন সুস্থ হয়ে পড়াশোনা ও জীবন আবার স্বাভাবিক করার চেষ্টা করছে।
সুদান সেনা বাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে এই সশস্ত্র সংঘাত চলছে। চলমান সংকটের তথ্য অনুযায়ী, এই সহিংসতায় অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন এবং ৫ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বাস্তুচ্যুতির ফলে নেমে আসে তীব্র আতঙ্ক ও অস্থিরতা। আওয়াদের মতো ব্যক্তিদের ক্ষেত্রে মাদক তখন বাস্তব থেকে পালিয়ে বাঁচার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায়।
আওয়াদ আরও জানায়, সে বহুবার পুনর্বাসন কেন্দ্রে গেছে এবং দ্রুত আবার আসক্ত হয়ে পড়েছে। সে বিভিন্ন ধরনের ট্যাবলেট ও কখনো কখনো গাঁজা সেবন করে এবং ছাড়তে চাইলেও বারবার ব্যর্থ হয়।
নিরাপত্তা ব্যবস্থার ধস এবং দারিদ্র্য বৃদ্ধি পাওয়ার কারণে আসক্তিকর অ্যামফিটামিন ক্যাপটাগনের মতো অবৈধ মাদকের ব্যবসাও প্রসার লাভ করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, র্যাপিড সাপোর্ট ফোর্সের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে তীব্র মাদক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
খর্তুমে পরিচালিত হাতে গোনা কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে কাদ্রিন সেন্টার ফর অ্যাডিকশন ট্রিটমেন্ট অন্যতম। এর পরিচালক লুবনা আলী জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকে এই কেন্দ্রে মানসিক স্বাস্থ্য সেবার চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
যুদ্ধজনিত মানসিক ট্রমা ও মাদকাসক্তির শিকার ১০ হাজার ১০০টি কেসের চিকিৎসা দিয়েছে এই কেন্দ্রটি। লুবনা আলী জানান যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত ১৩৫ জন ব্যক্তি তাদের সুস্থতার পথ সফলভাবে সম্পন্ন করেছেন।
বিটমাকালি ন্যাশনাল অর্গানাইজেশনের মনোরোগ বিশেষজ্ঞ ডা. আয়েশা আলমুবাশের ব্যাখ্যা করে জানান যে র্যাপিড সাপোর্ট ফোর্সের পূর্বে নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মাদকের নেটওয়ার্ক বিস্তার লাভ করেছে। তিনি বলেন, মিলিশিয়া বাহিনীতে তরুণদের অন্তর্ভুক্ত করার জন্যও অনেক সময় মাদক ব্যবহার করা হতো।
সুদানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আল-মোতাসিম ওকাশা জানিয়েছেন যে আইন প্রয়োগকারী দলগুলোকে মাদকের উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। সেনাবাহিনী কর্তৃক পুনরুদ্ধার করা এলাকাগুলোতে উন্নত উৎপাদনের সুবিধা আবিষ্কার করেছে কর্তৃপক্ষ, যার মধ্যে খর্তুমের উত্তরে প্রায় ৩০ লাখ ডলার মূল্যের যন্ত্রপাতিসহ একটি বড় ক্যাপটাগন কারখানা রয়েছে।
