তিউনিসিয়ার একটি আদালত দেশটির এক প্রখ্যাত মানবাধিকারকর্মীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। তার আইনজীবী শুক্রবার এই তথ্য জানিয়েছেন।
,আইনজীবী ফাথি রেবুই জানান, অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় দুর্নীতির অভিযোগে সিহাম বেনসেড্রিনের বিচার করা হয়। ৭৬ বছর বয়সী এই মানবাধিকারকর্মীর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইনে মামলাটি পরিচালিত হয়।
,বেনসেড্রিন এর আগে ট্রুথ অ্যান্ড ডিগনিটি কমিশন বা সত্য ও মর্যাদা কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিগত স্বৈরশাসকদের আমলের মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির তদন্ত করতে তিউনিসিয়ার ২০১১ সালের বিপ্লবের পর এই কমিশন গঠন করা হয়েছিল। তবে বর্তমানে এই সংস্থাটি আর সক্রিয় নেই।
,গত জুন মাসে অন্য আরেকটি মামলায় বেনসেড্রিনকে পঁচিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে ২০২০ সালে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জাল করার অভিযোগ আনা হয়েছিল।
,আইনজীবী রেবুই আরও জানান, এই কমিশনের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের সাবেক সদস্য খালেদ ক্রিচিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাবেক মন্ত্রী মাব্রুক কোরচিদ পেয়েছেন ছয় বছরের সাজা।
,বেনসেড্রিনকে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয় এবং তিনি ছয় মাসেরও বেশি সময় ধরে আটক ছিলেন। এরপর থেকে তার বিরুদ্ধে করা মামলার আপিল প্রক্রিয়া চলাকালীন তিনি মুক্ত রয়েছেন।
,গত জুন মাসে সাজা ঘোষণার পর বেনসেড্রিন বলেছিলেন, হিসাব নিকাশ চুকানো এবং তাদের কাজের সুনাম ক্ষুণ্ন করার জন্য রাষ্ট্রকে জিম্মি করে রাখা কিছু কর্মকর্তা তাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন।
,তার বিরুদ্ধে চলা এই আইনি প্রক্রিয়াকে হয়রানিমূলক বলে নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। কর্তৃপক্ষের মাধ্যমে নিজেদের অধিকারভিত্তিক কাজের শাস্তি দেওয়ার জন্যই তাকে এই পরিস্থিতির মুখে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
,অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সর্বশেষ রায়কে চরম অন্যায় বলে অভিহিত করেছে। সংস্থাটি জানিয়েছে, দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় নিপীড়ন উন্মোচনে অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার কমিশনের প্রধান হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন এবং বছরের পর বছর ধরে দৃঢ়তার সঙ্গে মানবাধিকারের পক্ষে কাজ করার জন্যই বেনসেড্রিনকে শাস্তি দেওয়া হচ্ছে।
,দীর্ঘদিনের স্বৈরত শাসনের পর ২০১১ সালের আরব বসন্তের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিউনিসিয়া অঞ্চলটিতে গণতান্ত্রিক আশার আলো হয়ে আবির্ভূত হয়েছিল। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদের আমলে দেশের গণতন্ত্র পিছিয়ে পড়েছে এবং প্রেসিডেন্টের অনেক সমালোচককে কারাবন্দী করা হয়েছে অথবা তারা তিউনিসিয়া ছেড়ে পালিয়েছেন।
