আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে পুরোনো মর্টারের গোলা বিস্ফোরিত হয়ে চার শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বখওয়াহ জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ফারাহ প্রদেশের পুলিশের মুখপাত্র কালিমুল্লাহ নাঙ্গিয়াল জানান, দুপুরের বিরতির সময় মাদ্রাসার ভেতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, মাদ্রাসার শিক্ষার্থীরা বিস্ফোরক না ফটা একটি পুরোনো মর্টারের গোলা কুড়িয়ে ভবনের ভেতরে নিয়ে এসেছিল। পরে ছোট শিক্ষার্থীরা ওই গোলার কাছাকাছি গেলে তা হঠাৎ বিস্ফোরিত হয়।
নিহত শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে বলে নিশ্চিত করেছে পুলিশ। বিস্ফোরণে আহত অপর দুজনকে উদ্ধার করে দ্রুত সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দশকের পর দশক ধরে চলা সংঘাতের ফলে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় প্রচুর অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর থেকে দেশটিতে মাইন ও যুদ্ধের অবশিষ্টাংশের বিস্ফোরণে ৪৫ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় গত অক্টোবর মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে অবিস্ফোরিত গোলাবারুদের কারণে ৩২৪ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
জাতিসংঘের ওই মূল্যায়নে উঠে এসেছে যে, এই হতাহতদের প্রায় ৮০ শতাংশই শিশু।
প্রতিবেদনটিতে আরও আনুমানিক বলা হয়েছে যে, দেশের প্রায় ২৬ লাখ মানুষ বিপজ্জনক এলাকার এক কিলোমিটারের মধ্যে বসবাস করে, যার মধ্যে ৮৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০৯টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।
