ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত শেষ সিনেমা ‘জানা নায়গান’ প্রেক্ষাগৃহে আসার আগেই অনলাইনে ফাঁসের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার ক্রাইম বিভাগের দায়ের করা মামলায় তাদের প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্তসহ সেলভাম ও বালাকৃষ্ণান নামের দুই ব্যক্তি রয়েছেন।
চলচ্চিত্রটির শুটিং অনেক আগে শেষ হলেও এটি এখনো ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল সিনেমাটি অবৈধভাবে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ফাঁস বা পাইরেসি হয়ে যায়। এইচ. বিনোথ পরিচালিত এই হাই-প্রোফাইল সিনেমাটি মূলত ২০২৬ সালের পোঙ্গল উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সিনেমাটির রাজনৈতিক প্রেক্ষাপট ও কড়া সামাজিক বার্তা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কায় সেন্সর বোর্ড (সিবিএফসি) এর ছাড়পত্র আটকে দেয়। পরবর্তীতে মার্চ মাসে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর কথা থাকলেও সেন্সর কমিটির এক সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়, যার ফলে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।
সিনেমাটির প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ এক বিবৃতিতে জানিয়েছেন, তারা বর্তমানে সেন্সর সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছেন এবং আইনি ছাড়পত্র পাওয়া মাত্রই এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। থালাপতি বিজয় পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে বিনোদন জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, যার কারণে ‘জানা নায়গান’ তার ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র। বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় এই রাজনৈতিক ঘরানার ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতুহল এখন তুঙ্গে। এই ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও গৌতম বাসুদেব মেননের মতো জনপ্রিয় তারকারা।
